২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের ফাইনালে সেরেনা, আজারেঙ্কা

বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের মেয়েদের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 12:33 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে শুক্রবার রাতের দুই সেমি-ফাইনালে সরাসরি সেটে জিতেছেন এই দুই শীর্ষ বাছাই।

Image
ইউএস ওপেনের সেমি-ফাইনালে ইতালির পেননেত্তাকে হারিয়ে ফাইনালে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ছবি: রয়টার্স

ইউএস ওপেনের সেমি-ফাইনালে ইতালির পেননেত্তাকে হারিয়ে ফাইনালে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ছবি: রয়টার্স

বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন চীনের লি-নাকে। চীনের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছিলেন লি না।

আর আজারেঙ্কা ৬-৪, ৬-২ গেমে ইতালির ফ্লাভিয়া পেননেত্তার রূপকথা থামিয়েছেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লামের সেমি-ফাইনালে উঠেছিলেন অবাছাই পেননেত্তা।

রোববারের ফাইনাল নিয়ে ২০১২ সালের চ্যাম্পিয়ন সেরেনা বলেন, "শিরোপা ধরে রাখতে পারাটা দারুন হবে।"

এর আগে ১৯৯৯, ২০০২ ও ২০০৮ সালে ইউএস ওপেন জিতলেও পরের আসরে শিরোপা ধরে রাখতে পারেননি তিনি।

Image
সেরেনা উইলিয়ামসের কাছে হেরে গেছেন চীনের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমি-ফাইনালে ওঠা লি না।

সেরেনা উইলিয়ামসের কাছে হেরে গেছেন চীনের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমি-ফাইনালে ওঠা লি না।

গত বছরের ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন সেরেনা ও আজারেঙ্কা। মুখোমুখি লড়াইয়ে ১২-৩ এ এগিয়ে আছেন ছোট উইলিয়ামস বোন। তবে তাদের মধ্যে শেষ তিনটি ম্যাচে হার্ডকোর্টের দোহা ও সিনসিনাটির ফাইনালে জিতেছিলেন আজারেঙ্কাই।

সেমিতে জেতার পর আজারেঙ্কা বলেন, "আপনি যখন সেরেনার বিপক্ষে খেলবেন, আপনার সেরাটাই খেলতে হবে। সে সবসময় আমার সেরা খেলাটা বের করে নিয়ে আসে।"

৩১ বছর বয়সী সেরেনা ১৭তম গ্রান্ড স্লাম জয়ের পথে পঞ্চম ইউএস ওপেন শিরোপা জিতলে একটি রেকর্ডও গড়বেন। টেনিসের পেশাদারিত্বের যুগে এত বেশি বয়সে ইউএস ওপেন জেতেনি কোনো নারী খেলোয়াড়।

Image
সেমি-ফাইনালে আজারেঙ্কার কাছে হেরে গেছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমি-ফাইনালে ওঠা পেননেত্তা।

সেমি-ফাইনালে আজারেঙ্কার কাছে হেরে গেছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমি-ফাইনালে ওঠা পেননেত্তা।

ইউএস ওপেনের মিশ্র দ্বৈতের শিরোপা জিতেছেন বেলারুশের ম্যাক্স মিরনিয়াই ও চেক প্রজাতন্ত্রের আদ্রেয়া হ্লাভাকোভা।