শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
টানা দুই জয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠে গেলো আফগানিস্তান। বুধবার কাঠমান্ডুর হালচুক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।
আফগানিস্তান এর আগে প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল। তাই দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়ে সবার আগে সেমি-ফাইনালে উঠলো তারা।
শ্রীলঙ্কা এই ম্যাচে হারলেও শুরুতে কিন্তু এগিয়ে গিয়েছিল তারা। ম্যাচের ৩৬ মিনিটে শ্রীলঙ্কার পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ ফজল। প্রথমার্ধে তারা এই এক গোলে এগিয়ে ছিল।
ম্যাচের ৬২ মিনিটে মোহাম্মদ রাফির গোলে আফগানিস্তান খেলার সমতা আনে। ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন হারুন ফখরুদ্দিন (২-১)। আর ম্যাচের শেষ বাঁশি বাজার চার মিনিট বাকি থাকতে আফগানিস্তানের পক্ষে তৃতীয় গোলটি গোলটি করেন হাসমতউল্লাহ মোহাম্মদ জান।
শ্রীলঙ্কা আর আগে প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১০-০ গোলে হেরেছিল। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে শ্রীলঙ্কার বিদায় একরকম নিশ্চিত হয়ে গেছে।
