২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় ছাড়াও বাংলাদেশের ভাবনায় সমীকরণ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল। তবে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেও সেমি-ফাইনালে উঠতে হলে ভারত-নেপালের ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে লোডভিক ডি ক্রুইফের দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাঠমান্ডু থেকে মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 06:51 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

কাঠমান্ডুর হালচুক স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় পৌনে ৪টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী।

“পাকিস্তান শক্তিশালী দল। তাদের আছে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়, যারা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে। ভারত ও নেপালের বিপক্ষে তারা সেই প্রমাণ রেখেছে। তারপরও আমরা আশাবাদী পাকিস্তানের বিপক্ষে আমরা জয় পাবো।”

“অবশ্য দলে কিছু চোট সমস্যা আছে, সবকিছু ঠিক থাকলে আমি আশাবাদী তারা খেলতেও পারে। বিশেষ করে ডিফেন্ডার নাসির চৌধুরী মাথায় চোট পেয়েছে গত ম্যাচে। তিনটি সেলাই লেগেছে তার মাথায়। তার খেলার সম্ভাবনা খুবই কম।”

অবশ্য নাসির নিজে আশাবাদী মাঠে নামার ব্যাপারে, “আমার মাথায় চোট লেগেছে সত্য, তারপরও আমি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চাই। এটুকু চোট নিয়ে বসে থাকাটা ঠিক হবে না।”

দলের অধিনায়ক মামুনুল ইসলামও মনে করেন দলের আগের ম্যাচের ফর্ম ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব।

“আমাদের অনুপ্রেরণা থাকবে গত ম্যাচে ভারতের বিপক্ষে খেলা অসাধারণ ফুটবল। সে ম্যাচে আমরা যেভাবে খেলেছি, আমি আশাবাদী পাকিস্তানের বিপক্ষেও আমরা সেভাবে খেলবো।”

পাকিস্তান কোচ বাংলাদেশকে সমীহ করলেও তার দলের জয়ের ব্যাপারে আশবাদী, “প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ যথেষ্টই শক্তিশালী দল। আগের ম্যাচে তারা ভারতের সঙ্গে অসাধারণ খেলেছে। সেই আত্মবিশ্বাস নিয়ে তারা আমাদের বিপক্ষে ঝাপিয়ে পড়বে। আমাদের কাজ হবে তা প্রতিরোধ করা। আশা করছি আমরা সফল হবো।”

“আমাদের ছেলেরা যথেষ্ট উজ্জীবিত। আশা করছি, সে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের মোকাবেলায় নামবে তারা। তাই এই ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবার অবকাশ নেই আমাদের সামনে। কারণ গত দুই ম্যাচ থেকে আমরা মাত্র একটি পয়েন্ট পেয়েছি।”

ভারত ও নেপালের বিপক্ষে পাকিস্তান ভালো ফুটবল খেলেছে। তাদের সঙ্গে জেতাটা সহজ হবে না বাংলাদেশের জন্য।

জয়ের ব্যাপারে বাংলাদেশকে আশা যোগাতে পারে পরিসংখ্যান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৬টি এবং পাকিস্তান জিতেছে ৫টিতে। আর ড্র হয়েছে ৪টি ম্যাচ।

সর্বশেষ লড়াইয়ে অবশ্য কেউ জিতেনি। ২০১১ সালে দিল্লি সাফ ফুটবলে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আর সাফ ফুটবলে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সর্বশেষ জিতেছিল ১৯৯৫ সালে, ১-০ গোলে।

ভারতের সঙ্গে ড্রয়ে শেষ চারে ওঠার সমীকরণটা জটিল হয়ে গেছে বাংলাদেশের জন্য।

নেপাল যদি ১-০ গোলে ভারতকে হারায়, তবে সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে জিততে হবে ২-০ গোলে বা দুই গোলের ব্যবধানে। আর ভারত যদি নেপালকে ১-০ গোলে হারায়, তবে স্বাগতিকদের টপকে সেমি-ফাইনালে উঠতে বাংলাদেশকে জিততে হবে ৩-০ গোলে বা তিন গোলের ব্যবধানে।

আর নেপাল ও ভারতের মধ্যকার খেলা ড্র হলে পাকিস্তানের বিপক্ষে জিতেও কোনো লাভ হবে না বাংলাদেশের।