অ্যাস্টন ভিলাকে হারিয়ে শীর্ষে চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিতলো চেলসি। বুধবার রাতে ব্রানিস্লাভ ইভানোভিচের হেডে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।
এ ম্যাচ জিতে ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে চেলসি।
প্রিমিয়ার লিগের গত মৌসুমে চেলসির কাছে ৮-০ গোলে হেরেছিল অ্যাস্টন ভিলা। তবে এ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে বেশ উজ্জীবিতই ছিল ল্যাম্বার্টের দল। অন্যদিকে আগের ম্যাচে হাল সিটির বিপক্ষে জয় দিয়েই চেলসিতে দ্বিতীয় অধ্যায় শুরু হয় মরিনিয়োর।
ম্যাচের ছয় মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। অস্কারের পাস থেকে ইডেন হ্যাজার্ডের বাকানো শট অ্যাস্টন ভিলার গোলরক্ষক ফিরিয়ে দিলেও আন্তোনিও লুনার পায়ে লেগে তা জালে ঢুকে যায়।
প্রথমার্ধের ইনজুরি সময়ে বেলজিয়াম স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকে সমতায় ফেরান অ্যাস্টন ভিলাকে।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণে গিয়েও অ্যাস্টন ভিলার রক্ষণভাগ ভাঙতে পারছিল না চেলসি। মনে হচ্ছিল, আরেকটি সাফল্য নিয়েই মাঠ ছাড়বে অ্যাস্টন ভিলা। কিন্তু ম্যাচ শেষের ১৭ মিনিট আগে ল্যাম্পার্ডের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে চেলসিকে জয় উপহার দেন ব্রানিস্লাভ ইভানোভিচ।
ইনজুরি সময়ে রেফারি দলকে পেনাল্টি বঞ্চিত করায় অ্যাস্টন ভিলার স্কটিশ কোচ আরেক দফা রাগের বহি:প্রকাশ করেন।
এ ম্যাচ জিতে স্ট্যামফোর্ড ব্রিজে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখলেন মরিনিয়ো। দুই দফায় চেলসির কোচ হিসেবে এ স্টেডিয়ামে ৬২টি ম্যাচের মধ্যে ৪৮টিতে জয় পেয়েছেন তিনি, বাকি ১৪টি ম্যাচ ড্র হয়েছে।
সোমবার পরের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইডের বিপক্ষে খেলতে যাবে চেলসি। আর অ্যাস্টন ভিলা নিজের মাঠে শনিবার লিভারপুলের সঙ্গে ফেলবে।
