রোনালদোর সঙ্গে বৈরিতা নেই মেসির
বার্সেলোনা তারকা লিওনেল মেসি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার ব্যক্তিগত কোনো বৈরিতা নেই।
শনিবার লা লিগার নতুন মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে আবার আলোচনায় এসেছে শিরোপার দাবিদার দুই দলের দুই তারকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে।
গত কয়েক বছরে স্প্যানিশ ফুটবলে ব্যক্তিগত সাফল্যের পুরস্কার প্রাপ্তিতে এই দুই তারকাই এগিয়ে রয়েছে। তবে মাঠের এই প্রতিযোগিতা যে পতুগিজ ফরোয়ার্ড রোনালদোর প্রতি কোনো ক্ষোভ বা বৈরিতার সৃষ্টি করেনি তা জানালেন মেসি।
ব্রিটেনের সাময়িকী ম্যাক্সিমকে টানা চারবারের ফিফা বর্ষসেরা মেসি বলেন, “রোনালদোর সঙ্গে আমার কোনো বৈরিতা নেই।”
আর্জেন্টিনার অধিনায়ক মেসি বলেন, “সে খুব ভালো মানুষ এবং যেকোনো পরিস্থিতিতে খেলাকে পাল্টে দিতে পারে। সে তার দায়িত্ব পালন করে আর আমি বার্সেলোনার হয়ে সফল হওয়ার চেষ্টা করি।”
মেসি জানান, এ মৌসুমে দলের হয়ে স্পেন ও ইউরোপের সবগুলো শিরোপা জিততে চান তিনি।
