২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে শুরুর একাদশে না রাখার ইঙ্গিত

মেসি ও দলের অন্যদের সঙ্গে নেইমার মানিয়ে গেছে স্বীকার করলেও শুরুর একাদশে ব্রাজিলের এই তারকাকে না রাখারই ইঙ্গিত দিলেন কোচ জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 02:54 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

রোববার রাতে শুরু হবে বার্সেলোনার লা লিগার শিরোপা ধরে রাখার লড়াই। তার আগের দিন এক সংবাদ সম্মেলনে 'তাতা' মার্তিনো বলেন, "সে (নেইমার) একজন খুব ভালো খেলোয়াড়। অনুশীলনেও তাকে স্বাচ্ছন্দ মনে হয়েছে। কিন্তু দলে তাকে জায়গা দেয়ার ক্ষেত্রে আমাদের যুক্তি মেনে সিদ্ধান্ত নিতে হবে।"

আর্জেন্টিনার এই কোচ দাবি করেন, "সম্ভবত দলের মধ্যে সেই (নেইমার) সবচেয়ে কম শারীরিক অনুশীলন করেছে।"

সাফল্য পেতে নেইমারের উপর বেশি চাপ দেয়া ঠিক হবে না বলেও মনে করেন তিনি।

"তার উপর চাপ না দিয়ে আমরা তাকে দলে একটু একটু করে খেলাতে চাই। আমরা নেইমারের ব্যাপারে সতর্ক কারণ সে একজন অসাধারণ খেলোয়াড়। দলকে সে অনেক কিছু দেবে।"

রোববার রাতে লেভান্তের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। লিগ শুরুর আগে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ছাড়াও অন্যান্য দলকে সমীহ করছেন 'তাতা' মার্তিনো।

"আমি মনে করি আতলেতিকো মাদ্রিদের মতো অন্যান্য দলকেও আমাদের আরো সমীহ করতে হবে।"

তবে এ মুহূর্তে লেভান্তের বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছেন কোচ, "এখন আমার মূল ভাবনা কাল (রোববার) ভালো খেলা ও জেতা (লেভান্তের বিপক্ষে)। আমাদের আত্মবিশ্বাস বাড়াতে এটা প্রয়োজন।"