শুরু হলো লা লিগা
শুরু হয়ে গেল এবারের লা লিগা। শনিবার আসরের উদ্বোধনী দিনে জয় পেয়েছে রিয়াল সোসিয়েদাদ, ভ্যালেন্সিয়া ও আথলেতিক বিলবাও।
তবে লিগের সেরা দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লড়াইয়ে নামবে রোববার রাতে।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে নিজেদের মাঠে গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে সোসিয়েদাদ। গত আসরে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছিল দলটি।
তবে দিনের আকর্ষণীয় ম্যাচটি হয়েছে গতবারের পঞ্চম স্থানধারী ভ্যালেন্সিয়ার মাঠে। গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করা মালাগার বিপক্ষে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ৬৪ মিনিটে জয়সূচক গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার রিকার্দো কস্তা।
অপর ম্যাচে রিয়াল ভায়াদলিদের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে বিলবাও।
রোববার দিনের প্রথম ম্যাচে লেভান্তের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর রিয়াল বেটিসের বিপক্ষে খেলবে রোনালদোরা। দু’দলই খেলবে ঘরের মাঠে।
তাছাড়া সেভিয়ার মাঠ সফর করবে গত মৌসুমের তৃতীয় সেরা দল আতলেতিকো মাদ্রিদ।
