উসাইন বোল্ট আবার
অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো ২০০ মিটার দৌড়ের শিরোপা জিতলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
গত দুই অলিম্পিক ও গত দুই বিশ্ব চ্যাম্পিয়নশিপে এ ইভেন্টে সোনা জেতা এই গতিমানব ১৯.৬৬ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেন স্বদেশী ওয়ারেন ওয়াইরকে (১৯.৭৯)। যুক্তরাষ্ট্রের কার্টিস মিশেল ২০.০৪ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।
২০০৯ সালে বার্লিন আসরে ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। শনিবার রাতে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অবশ্য রেকর্ডের কাছাকাছি যেতে পারেননি ২৬ বছর বয়সী এই অ্যাথলেট। তাতে কী, শিরোপা ধরে রাখতে পেরেই খুশি এই জ্যামাইকান। তাই দেখা মিললো ধনুকে তীর ছোড়ার তার সেই বিখ্যাত অঙ্গভঙ্গি। তারপর নাচলেন দ্বিতীয় হওয়া স্বদেশী ওয়াইরকে নিয়ে।
২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে ১০০ মিটার ২০০ মিটার ও ৪*১০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ২৬ বছর বয়সী এই গতিদানব।
আর ২০০৯ সালে বার্লিন চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ২০০ মিটার ও ৪*১০০ মিটার দৌড়ে সোনা জেতা বোল্ট ২০১১ সালের দেগু আসরে কেবল ১০০ মিটারের শিরোপা হারিয়েছিলেন ফলস স্টার্টের জন্য।
গত ১১ অগাস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের সোনা পুনরুদ্ধার করেন বোল্ট। ২০০ মিটারের এই সোনাসহ বিশ্ব চ্যম্পিয়নশিপের সব আসর মিলিয়ে তার সোনার সংখ্যা দাঁড়ালো ৭টিতে। রোববার ৪*১০০ মিটার রিলেতে জ্যামাইকা দলের হয়ে আরেকটি সোনা প্রায় নিশ্চিত ছয়টি অলিম্পিক সোনার মালিক বোল্টের।
শনিবার রাতে ২.০৩ মিটার লাফিয়ে মেয়েদের হাই জাম্পে সোনা জিতেছেন স্বাগতিকদের সভেতলানা শোকোলিনা।
চেক প্রজাতন্ত্রের ভিতেজস্লাভ ভ্যাসেলি জিতেছেন ছেলেদের বর্শা নিক্ষেপের সোনা।
মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে প্রথম হয়েছেন ইথিওপিয়ার মেসারেত দেফার।
৪*৪০০ মিটার রিলে দৌড়ে যুক্তরাষ্ট্র দলকে হারিয়ে চমক দেখিয়েছে রুশ মেয়েরা।
মেয়েদের ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ব্রিয়ানা রোলিনস।
