নাদালের কাছে আবার ফেদেরারের হার
সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার-ফাইনালে পুরানো প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে হারিয়েছেন রাফায়েল নাদাল। ইউএস ওপেনের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের শেষ আট থেকেই বাদ পড়েছেন পুরুষদের র্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে।
বিশ্বের তিন নম্বর খেলোয়াড় স্পেনের নাদাল পাঁচবারের সিনসিনাটি চ্যাম্পিয়ন ফেদেরারকে হারান ৫-৭, ৬-৪, ৬-৩ গেমে। ৩১ বারের দেখায় এ নিয়ে ২১ বারই জিতলেন ১২টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল।
অন্যদিকে ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার এ পরাজয়ের ফলে আগামী সপ্তাহে র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে নেমে যাবেন, যা হবে ১১ বছরের মধ্যে তার সর্বনিম্ন অবস্থান।
হেরে গেলেও নিজের খেলা নিয়ে সন্তুষ্ট এই সুইস তারকা, "আমি আমার চলার পথে উন্নতি নিয়ে খুশি। আমি জিততে পারতান, জেতা উচিতই ছিল। কিন্তু রাফার আত্মবিশ্বাসই তাকে জয়ী করেছে।"
কোয়ার্টার-ফাইনালে যুক্তরাষ্ট্রের জন ইসনারের কাছে ৭-৬, ৩-৬, ৭-৫ গেমে হারেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ।
র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে থাকা ইসনার সেমিফাইনালে মুখোমুখি হবেন আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোর্তোর।
২০০৯ সালের ইউএস ওপেন চ্যম্পিয়ন দেল পোর্তো রাশিয়ার দিমিত্রি তুরসুনভকে ৬-৪, ৩-৬ ও ৬-১ গেমে হারান।
