দেশের হয়ে খেলতে গেলেন মেসি, নেইমার
আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর জন্য মেসি ও নেইমারসহ ৯ তারকা ফুটবলারকে ছেড়েছে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। বুধবার বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ হবে।
ইতালির বিপক্ষে আর্জেন্টিনা দলে যোগ দিচ্ছেন চারবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ও হাভিয়ার মাসচেরানো। রোমে বুধবার রাতে ১২ বছর পর মুখোমুখি হবে ইতালি ও আর্জেন্টিনা।
কনফেডারেশন্স কাপজয়ী ব্রাজিল দলের সঙ্গে সুইজারল্যান্ড যাচ্ছেন দানি আলভেজ ও বার্সেলোনায় নতুন আসা নেইমার। আগামী বিশ্বকাপের স্বাগতিক দেশ বলে বাছাই পর্বে খেলতে হচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। তাই প্রীতি ম্যাচগুলোর মাধ্যমেই দলকে গুছিয়ে নিচ্ছেন কোচ লুই ফেলিপে স্কলারি।
ভিক্টর ভালদেস, জোর্দি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা ও ক্রিস্টিয়ান তেল্লো যোগ দিচ্ছেন স্পেন দলে। অনেকটা পথ পাড়ি দিয়ে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন খেলতে যাচ্ছে ইকুয়েডরে। এর মধ্যে স্পেন দলে প্রথম ডাক পেলেন তেল্লো। তবে বার্সা মিডফিল্ডার সেস ফ্যাব্রেগেস ডান গোড়ালির চোটের জন্য ইকুয়েডর যাচ্ছেন না।
ইরাকের সঙ্গে ম্যাচের জন্য চিলি দলে রেখেছে বার্সেলোনার আলেক্সিস সানচেজকে। ডেনমার্কের ব্রনডবিতে হবে ম্যাচটি।
অগাস্টে মৌসুমের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচের তারিখ নিয়ে ইউরোপীয় ক্লাবগুলো প্রায়ই অভিযোগ করে আসছে। কারণ ইউরোপীয় লিগগুলো শুরু হওয়ার অল্প কিছুদিন আগে এ সময় আন্তর্জাতিক ম্যাচে দলের তারকা খেলোয়াড়দের ছাড়তে চায় না ক্লাবগুলো।
লা লিগার শিরোপা ধরে রাখার লড়াই শুরুর আগে মূল দলের প্রায় অর্ধেক খেলোয়াড় হারিয়ে বার্সেলোনা সেনাপতি জেরার্দো মার্তিনোও যে অসন্তুষ্ট তা বোঝাই যাচ্ছে।
১৮ অগাস্ট লেভান্তের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করছে বার্সেলোনা।
