জয় দিয়ে বুন্দেসলিগা শুরু বায়ার্নের
জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার লড়াই জয় দিয়ে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে লিগের প্রথম ম্যাচে তারা বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৩-১ গোলে হারিয়েছে।
নিজেদের স্টেডিয়াম আলিয়াঞ্জ অ্যারেনায় গোল করে লিগে দলকে শুভ সূচনা এনে দেন আরিয়ান রোবেন, মারিও মানজুকিচ ও ডেভিড অ্যালাবা।
কোচিং-জীবনের প্রথম বুন্দেসলিগা ম্যাচে দুই তারকা খেলোয়াড় মারিও গোটসে ও থিয়াগো আলকানতারাকে চোটের কারণে খেলাতে পারেননি পেপ গার্দিওলা।
তবু দ্বাদশ মিনিটে ফ্র্যাঙ্ক রিবেরির চমৎকার পাস থেকে গোল করে তার দলকে এগিয়ে দেন রোবেন।
চার মিনিট পর রোবেনেরই ফ্রি কিক থেকে রিবেরির শট মনশেনগ্লাডবাখের গোলরক্ষক ফিরিয়ে দিলেও মানজুকিচের ফিরতি শট কেউ ঠেকাতে পারেনি।
৪০ মিনিটে বায়ার্নের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দান্তের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় মনশেনগ্লাডবাখ। কিন্তু বিরতির পর বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি তারা।
বরং দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল জয় নিশ্চিত করে দেয় জার্মান চ্যাম্পিয়নদের। পেনাল্টি অবশ্য দুটো পেয়েছিল বায়ার্ন। ৬৮ মিনিটে টমাস মুলারের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও পরের মিনিটে পেনাল্টি থেকে অ্যালাবার শট জালে জড়িয়ে যায়।
সহজ জয় দিয়ে লিগ শুরু করতে পেরে তৃপ্ত গার্দিওলা। খেলা শেষে বায়ার্নের নতুন কোচ বলেন, “আমাদের আত্মবিশ্বাস জন্মানোর জন্য এমন ফলাফলের ভীষণ দরকার ছিল। কারণ আমাদের কয়েক জন খেলোয়াড়ের এখনো ম্যাচ প্র্যাকটিসের অভাব আছে। এই জয়ে আমরা তৃপ্ত।”
