২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো সন্তুষ্ট নন সেরেনা

তার বর্ণাঢ্য টেনিস-জীবনে গ্র্যান্ড স্লাম শিরোপার সংখ্যা ১৬টি, কিন্তু ফ্রেঞ্চ ওপেনে শিরোপা মাত্র দুটি। মাস দুয়েক আগে ১১ বছরের প্রতীক্ষা শেষে দ্বিতীয় বারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতে তৃপ্ত, কিন্তু সন্তুষ্ট নন সেরেনা উইলিয়ামস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2013, 06:28 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

এ বছর প্যারিসের রোলাঁ গারোতে সাফল্য ছাড়াও আরো ছয়টি টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ৩১ বছর বয়সী সেরেনা। তবে অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনাল ও উইম্বলডনে চতুর্থ রাউন্ডের বেশি যেতে পারেননি। এ কারণে কিছুটা হতাশ গত বছর উইম্বলডন, ইউএস ওপেন ও লন্ডন অলিম্পিক চ্যাম্পিয়ন।

রজার্স কাপ খেলতে বর্তমানে কানাডায় থাকা সেরেনা বলেন, “বছরটা যেভাবে যাচ্ছে তাতে নির্দ্বিধায় বলতে পারি, আমি এখনো সেরা সাফল্য পাইনি।”

সবচেয়ে বেশি বয়সে মহিলাদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা সেরেনা জানান, অংশ নেয়া প্রত্যেক বড় টুর্নামেন্টে সাফল্য না পাওয়া পর্যন্ত তিনি সন্তুষ্ট হবেন না। এ প্রসঙ্গে উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে বলেন, “আমি নিজের সেরাটা ঢেলে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করি, বিশেষ করে গ্র্যান্ড স্লামে।”

২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সেরেনার ১২টি শিরোপার সাতটিই এসেছিল গ্র্যান্ড স্লামে। অথচ ২০১১ সাল থেকে এ পর্যন্ত তার ১৬টি শিরোপার মধ্যে মাত্র তিনটি গ্র্যান্ড স্লাম ট্রফি।

তবে অন্যান্য টুর্নামেন্টকে গুরুত্বহীন ভাবতে নারাজ সেরেনা। এ প্রসঙ্গে তিনি বলেন, “ছোট টুর্নামেন্টগুলো টেনিসকে আরো সুন্দর করে তোলে। এগুলো একজন টেনিস খেলোয়াড়কে ভালোভাবে গড়ে তোলে, গ্র্যান্ড স্লাম জয়ে উদ্বুদ্ধ করে।”