২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব এশিয়ান গেমসে ভালো করার স্বপ্ন

চীনের নানজিংয়ে যুব এশিয়ান গেমসে আটটি বিভাগে অংশ নেবে বাংলাদেশের তরুণরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 09:23 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

১৬ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত অনুষ্ঠেয় এ গেমসে অ্যাথলেটিক্স, সাঁতার, তায়কোয়ান্দো, ব্যাডমিন্টন, ভারোত্তোলন, শুটিং, গলফ ও বাস্কেটবলে ভালো কিছু করার স্বপ্ন দেখছে ফেডারেশনগুলো
অ্যাথলেটিক্সে দেশের প্রতিনিধিত্ব করবে আশিক কুমার হাওলাদার ও আইরিন আক্তার।

ফেডারেশন সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস বলেন, “দুই অ্যাথলেটের প্রস্তুতি যথেষ্টই ভালো। গত ১৫ জুন থেকে বিকেএসপিতে প্রস্তুতি নিচ্ছে তারা। আশা করছি তারা ভালো কিছু করে দেশের সুনাম কুড়াবে।”

ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা বলেন, “জুনিয়র গেমস বলেই আমাদের ভালো করার সম্ভাবনা আছে। এতে অংশ নিতে যাওয়া আয়মান ইবনে জামান মালয়েশিয়াতে বেশকিছুদিন অনুশীলন করে এসেছে। সেখানে একটা প্রতিযোগিতায়ও খেলেছে সে। তাই তাকে নিয়ে আমরা আশাবাদী।”

“বাংলাদেশ গেমসে সিনিয়রদের সঙ্গে লড়াই করে শিরোপা জিতেছিল আয়মান। ননজিংয়েও সে এমন কিছু করে দেখাতে পারবে বলে আমাদের বিশ্বাস”, যোগ করেন তিনি।

ভারোত্তোলনে পদক জিততে আশাবাদী দলের কোচ শাহরিয়া সুলতানা সূচী। “বাংলাদেশে গেমসের পর থেকে অনুশীলনে রয়েছে মাবিয়া আক্তার সীমান্ত ও জহুরা আক্তার রেশমা। তাদের আত্মবিশ্বাস খুবই ভালো অবস্থানে। সবকিছু ঠিকভাবে হলে গেমসে আমরা পদক জিততেও পারি।

শুটিংয়ে অংশ নেবে চার উদীয়মান খেলোয়াড় শারমিন আকতার, শারমিন সুলতানা, হাসানুল বান্না আকাশ ও রিসালাতুল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেল ছেলে ও মেয়ে উভয় বিভাগে অংশ নেবে বাংলাদেশ। ২ জুন প্রস্তুতি শুরু হয়েছিল শুটারদের।

গেমসে উভয় ইভেন্টের সেরা আটে শুটাররা উঠবে বলে আশাবাদী কোচ আসবাব আলী ফয়েজ।
“সাধ্যের পুরোটা মেলে ধরতে পারলে শুট-অফে যাবে আমাদের শুটাররা। আর সেখানে যেতে পারলে হয়তো ভালো কিছু হয়েও যেতে পারে।”

সাঁতারে অংশ নেবে আসিফ রেজা ও নাজমা খাতুন। আসিফ রেজা ৫০ ফ্রিস্টাইলে খেলবে। নাজমা খাতুন অংশ নেবে ৫০ মিটার ফ্রি স্টাইল ও বাটারফ্লাইতে।

কোচ আবুদল হামিদ বলেন, “সাঁতারুদের প্রস্তুতি ভালোই। আমার বিশ্বাস সেখানে তারা নিজেদের সেরা টাইমিং করে আসতে পারবে।”

গলফে আফনান মাহমুদ চৌধুরী ও লিজা আকতারের সঙ্গে কর্মকর্তা হিসেবে যাচ্ছেন সেলিম আখতার।

ফোর-এ সাইড বাস্কেটবলের চার খেলোয়াড় সাজিদ ইশতিয়াক, সাকিব হোসেন, চৌধুরী আবদুল মোমিন, মুবতাসিন কাদের। কর্মকর্তা অভিজিৎ কুমার সরকার।

অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সুপারিশে শেষ মুহুর্তে অন্তর্ভুক্ত হয়েছে তায়কোয়ান্দো। বিওএ থেকে জানানো হয়, এই ডিসিপ্লিনে দুই খেলোয়াড় চূড়ান্ত করা হলেও তাদের বয়স বেশি। এখন বিকল্প খেলোয়াড়ের সন্ধানে আছে তায়কোয়ান্দো ফেডারেশন।