২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে মেসি-নেইমাররা

ফিলিস্তিনের হাজার হাজার ভক্তের সামনে ফুটবলের কলা-কৌশল দেখালেন বিশ্বসেরা ফুটবলার মেসি ও ব্রাজিল তারকা নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 01:26 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

এশিয়া সফরের শুরুতে শনিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি ফুটবল ক্লিনিকে কিছু সময় কাটায় লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা।

মেসি-নেইমারদের দেখতে পশ্চিম তীরের দুরা শহরে নতুন নির্মিত স্টেডিয়ামে হাজির হয় প্রায় ২৫ হাজার ভক্ত। সেখানে ফিলিস্তিনের প্রায় ৪০টি শিশুদের এক ঘণ্টাব্যাপী একটি ক্লিনিকে ফুটবলের কলা-কৌশল শেখান বার্সেলোনার খেলোয়াড়রা। এ সময় কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের বাইরেও অপেক্ষায় ছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী।

এর আগে বেথেলহেমে যীশু খ্রিষ্টের জন্মস্থান ও হেবরন শহর দেখতে গিয়েছিল বার্সেলোনা দল। সেখানেও প্রিয় ফুটবলারদের এক নজর দেখতে বার্সেলোনার পতাকা হাতে জড়ো হয় হাজার হাজার মানুষ।

বেহেলহেমের ১৭ বছরের ফাদোয়া বরেন, "বার্সেলোনা, মেসি, জাভি, ইনিয়েস্তো ও নেইমারকে ফিলিস্তিনে দেখতে পাওয়াটা অসাধারণ। আজ আমার সৌভাগ্যের দিন।"

মৌসুম শুরুর আগে এশিয়া সফরে ফিলিস্তিন ও ইসরায়েলে যাত্রাবিরতি করেছে বার্সেলোনা। তেল আভিবেও ইসরায়েলি শিশুদের ফুটবলে দীক্ষা দেবে মেসির দল।

Image
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বার্সেলোনা দলের খেলোয়াড়েরা

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বার্সেলোনা দলের খেলোয়াড়েরা

বেহেলহেমে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করে বার্সেলোনা দলের খেলোয়াড়েরা। তেল আবিবে ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস ও প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গেও দেখা করবেন তারা।

সমান সংখক ইসরায়েলি ও ফিলিস্তিনি ফুটবলারদের একটি যৌথ দলের সঙ্গে খেলতে গত ফেব্রুয়ারিতে আগ্রহ প্রকাশ করেছিল বার্সেলোনা। কিন্তু প্রতিবেশী এই দুই দেশ শর্তে রাজি হয়নি।