গোল পাওয়া সময়ের ব্যাপার: নেইমার
সান্তোসের বিপক্ষে প্রীতি ম্যাচে বার্সেলোনা গোলের বন্যা বইয়ে দিলেও গোলের দেখা পাননি ব্রাজিল তারকা নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র।
সাবেক ক্লাবের বিপক্ষে গোল না পাওয়ায় অবশ্য কোনো আক্ষেপ নেই এই ফরোয়ার্ডের। বরং জানালেন বার্সেলোনার জার্সিতে গোলের ফুলঝুড়ি শিগগিরই দেখবে ভক্তরা।
ক্যাম্প নিউতে শুক্রবার রাতের এই ম্যাচে সান্তোসকে ৮-০ গোলে উড়িয়ে জোয়ান গ্যাম্পার ট্রফি জিতে নেয় লা লিগা চ্যাম্পিয়নরা। গোল করেছেন চারবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি, আলেক্সিস সানচেজ (২টি), পেদ্রো, সেস ফেব্রেগাস, আদ্রিয়ানো ও জ্য-মারি ডঙ্গু।
দ্বিতীয়ার্ধে মাঠে নামা নেইমার দুটি গোলে সহায়তা করলেও গোল পাননি। অবশ্য একটি শট পোস্টে না লাগলে গোল পেতেন তিনি।
ম্যাচ শেষে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, বার্সেলোনার হয়ে স্কোরশিটে নাম উঠানো সময়ের ব্যাপার মাত্র।
"আমি আজকে গোল করতে পারিনি, কিন্তু তা আসবে।"
এই ম্যাচের মধ্য দিয়ে ক্যাম্প নিউতে অভিষেক হওয়া নেইমার বলেন, "বার্সার হয়ে ক্যাম্প নিউতে খেলাটা একটা অসাধারণ অভিজ্ঞতা।"
"সেস, জাভি, আমার আইডল জিনিয়াস মেসির সঙ্গে খেলতে পারাটা সত্যিই অসাধারণ", যোগ করেন তিনি।
বার্সার নতুন কোচ জেরার্দো মার্তিনোর কণ্ঠে অবশ্য নেইমারের জন্য প্রশংসাই ঝরলো, "শারিরীকভাবে পুরোপুরি সেরা অবস্থায় পৌঁছতে নেইমারের আরো কয়েকটি ট্রেনিং সেশন লাগবে। কিন্তু সে অনেক ভালো খেলেছে।"
