নেইমারের প্রথম ম্যাচে বার্সেলোনার ড্র
বার্সেলোনার হয়ে নেইমারের নামা প্রথম ম্যাচটি ড্র হয়েছে। মঙ্গলবার রাতে পোল্যান্ডের ক্লাব লেকিয়া গাদানস্ক প্রীতি ম্যাচে ২-২ গোলে রুখে দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নদের।
দর্শকদের উল্লাসধ্বনির মধ্য দিয়ে নেইমার যখন মাঠে নামেন, তখন খেলার বাকি আর ১২ মিনিট। আর নেইমার নামার মিনিট খানেক আগেই তুলে নেয়া হয়েছিল চারবারের ফিফা বর্ষসেরা লিওনেল মেসিকে। তাই দু'জনের জুটি বেধে খেলা দেখতে দর্শকদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো।
ম্যাচে দুই বার পিছিয়ে পড়েও সের্গেই রবার্তো আর মেসির গোলে হার এড়ায় বার্সেলোনা।
খেলা শুরুর ১৬ মিনিটেই অধিনায়ক জারোসলোর হেডে এগিয়ে যায় লেকিয়া। নয় মিনিট পর ব্যবধান কমান রবার্তো।
আগের ম্যাচে নরওয়ের ক্লাব ভালেরেঙ্গাকে ৭-০ গোলে বিধ্বস্ত করা বার্সেলোনার কাছ থেকে আরো গোল আশা করছিল অনেকেই। কিন্তু উল্টো দ্বিতীয়ার্ধে ৫ মিনিটে পিওতর গ্রেজেল্কজাকের গোলে ম্যাচে আবার এগিয়ে যায় লেকিয়া।
শেষে বার্সেলোনার ত্রাণকর্তা হয়ে এলেন মেসিই। আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টিনার এই তারকা।
বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচে নেইমার। ছবি: বার্সেলোনা ওয়েবসাইট
অতিরিক্ত সময়সহ ১৫ মিনিট মাঠে থাকেন নেইমার। এর মধ্যে পাঁচবার বল দেয়ানেয়া করেন সতীর্থদের সঙ্গে; আদায় করে নেন চারটি ফ্রি-কিক। ব্যাকহিল পাস আর ড্রিবলিং করে প্রতিভার খানিক ছটাও দেখান তিনি।
ম্যাচ শেষে বার্সেলোনায় অভিষিক্ত হওয়ার জন্য নেইমারকে অভিনন্দন জানান সতীর্থ আর প্রতিপক্ষের ফুটবলাররা।
