২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলে ‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ‘কঠিন’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছয়বারের চ্যাম্পিয়ন ভারত, স্বাগতিক নেপাল ও পাকিস্তান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 05:04 PM

Updated : 31 Oct 2022, 06:31 PM

মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে এক ড্র অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি ঠিক হয়। সাফ সভাপতি কাজী সালাউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান।

১-১১ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে আগামী সাফ চ্যাম্পিয়নশিপ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৫২তম) উপরে থাকা ভারত (১৪৬তম) সর্বোচ্চ ছয় বার সাফের শিরোপা ঘরে তুলেছে।

আর ভারতের মাটিতে গত সাফে নেপালের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ।

১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। ৩ সেপ্টেম্বর ভারত ও ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ।

ড্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাফ সাধারণ সম্পাদক আলবার্তো কোলাসো। এ সময় উপস্থিত ছিলেন এএফসি সহ সভাপতি ও নেপাল ফুটবল ফেডারেশনের সভাপতি গনেশ থাপা।