ড্রেসিংরুমের দখল ছাড়ছেন গার্দিওলা
বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ ছাড়ার পরিকল্পনা করছেন কোচ পেপ গার্দিওলা। খেলোয়াড়দের নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা-সমালোচনার সুযোগ করে দিতে অফিস সরিয়ে নিচ্ছেন তিনি।
আলিয়াঞ্জ অ্যারেনায় খেলোয়াড়দের ড্রেসিংরুমের ঢোকার মুখেই কোচের অফিস। তবে আগের কোচ ইয়ুপ হেইঙ্ককেস খেলোয়াড়দের সুবিধার কথা ভেবে কদাচিৎই অফিসটি ব্যবহার করতেন।
গার্দিওলাও মনে করেন খেলোয়াড়দের নিজেদের মধ্যে খোলামনে কথা বলার এমনকি তাকে সমালোচনা করার স্বাধীনতা থাকা উচিত। তাই ফুটবলারদের কোনো চাপের মধ্য না রাখতে অন্য জায়গায় অফিস চান তিনি।
জার্মানির বিল্ড পত্রিকাকে গার্দিওলা বলেন, "এটা (ড্রেসিংরুম) খেলোয়াড়দের এলাকা যেখানে তারা নানা মজার কথা বলে। তাদের নির্ভয়ে যেকোনো কিছু আলোচনা করতে দিতে হবে। এমনকি তারা আমার সমালোচনাও তো করতে পারে।"
তাই আলিয়াঞ্জ অ্যারেনাতেই অন্য কোথাও অফিস সরানোর পরিকল্পনা করছেন তিনি।
আগামী ৯ অগাস্ট বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্দেসলিগা শুরু করতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ।
