২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম লিগ গোলদাতার ‘সন্ধান’ লাভ

বিশ্ব ফুটবল-ইতিহাসে প্রথম লিগ গোল কার, সেই রহস্যের সমাধান হলো দীর্ঘ ১২৫ বছর অপেক্ষার পর। তিনি হলেন ইংল্যান্ডের বোল্টন ওয়ান্ডারার্সের জেমস কেনিওন ড্যাভেনপোর্ট। সতীর্থদের কাছে ‘কেনি’ নামে বেশি পরিচিত ছিলেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Jul 2013, 12:44 AM

Updated : 23 Aug 2022, 11:17 AM

১৮৮৮ সালের ৮ সেপ্টেম্বর ইংলিশ লিগের প্রথম আসরের উদ্বোধনী দিনে পাঁচটি ম্যাচ হয়েছিল। সেদিন ঘরের মাঠে বোল্টন ওয়ান্ডারার্স খেলেছিল ডার্বি কাউন্টির বিপক্ষে।

আগামী মৌসুমে ইংলিশ লিগের ১২৫তম আসর হবে। এই উপলক্ষ্যই লিগের প্রথম গোলদাতার উৎস সন্ধানে নতুন করে অনুপ্রাণিত করেছে ফুটবল-গবেষকদের।

এতদিন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে অ্যাস্টন ভিলার জার্শম কক্সের আত্মঘাতী গোলকে লিগের প্রথম গোল হিসেবে মনে করা হতো। এই ম্যাচটিও হয়েছিল লিগের উদ্বোধনী দিনে।

তবে রবার্ট বয়লিং নামে একজন গবেষক একটি পত্রিকার লাইব্রেরিতে প্রথম গোলদাতা সংক্রান্ত ভিন্ন তথ্য খুঁজে পান। সেদিন অ্যাস্টন ভিলার ম্যাচটি শুরু হয়েছিল পূর্বের ধারণার চেয়ে আধ ঘণ্টা দেরিতে, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায়। আর বোল্টনের ম্যাচটি শুরু হয়েছিল পৌনে চারটায়। খেলার দ্বিতীয় মিনিটেই গোল করেছিলেন ড্যাভেনপোর্ট। কক্সের আত্মঘাতী গোলটি ছিল ৩১ মিনিটের সময়। অর্থাৎ ঘড়ির কাঁটায় তা চারটা এক মিনিটে। লিগের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বইয়ের লেখক মার্ক মেটকাফ বলেন, “বোল্টনের প্রত্যেকেই জানে কেনি ড্যাভেনপোর্ট কে ছিলেন। তিনি পেশায় শ্রমিক হলেও জীবনের আনন্দে ফুটবল খেলতে এবং দেশকে প্রতিনিধিত্ব করতে ভালবাসতেন। তবে আমার মনে হয় না তার ঐ গোলের তাৎপর্য সম্পর্কে তার নিজের কোনো ধারণা ছিল।” ১৮৬২ সালের ২৩ মার্চ জন্ম নেয়া ড্যাভেনপোর্ট বেশি দিন বাঁচেননি। ১৯০৮ সালের ২৯ সেপ্টেম্বর, ৪৬ বছর বয়সে মারা যাওয়া ড্যাভেনপোর্ট জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন।