স্ত্রীকেও জানাননি মার্তিনো
বিশ্বসেরা একটি দলের যে কোচ হতে চলেছেন তা স্ত্রীকে জানাননি জেরার্দো মার্তিনো। বার্সেলোনার কোচ হওয়ার সিদ্ধান্ত পাকা হওয়ার পরই কেবল তার সহধর্মিনী জানতে পেরেছেন এই সুখবর।
সম্প্রতি বার্সেলোনার সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টিনার 'তাতা' মার্তিনো। ইউরোপের কোনো ক্লাবকে এই প্রথম কোচিং করাবেন তিনি।
বার্সার দায়িত্ব নিতে পেরে দারুণ খুশি প্যারাগুয়ের সাবেক এই কোচ। তার কাছে এ যেন কোনো স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। হয়তো তাই তা বাস্তবে ধরা দেওয়ার আগে স্ত্রীকে জানাতে চাননি তিনি।
কিভাবে বার্সেলোনার সঙ্গে তার যোগসুত্র হলো, তার শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনার বর্ণনা স্পেনের ক্রীড়া বিষয়ক পত্রিকা ‘এএস’কে দিয়েছেন মার্তিনো।
“সবকিছুর শুরু হোরেসিও কার্তেসের (প্যারাগুয়ের ক্লাব লিবার্তাদের সাবেক সভাপতি) মাধ্যমে। কার্তেসের বাড়িতে এক ডিনারে সান্দ্রো রোসেলের (বার্সার সভাপতি) সঙ্গে প্রথম আমার সাক্ষাৎ হয়েছিল।”
“পরবর্তীতে, আবার যোগাযোগ হয় যখন বার্সেলোনা একজন কোচের খোজ করছিল। কিন্তু তারা জানতো না, কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করবে। সেজন্যে রোসেল কার্তেসের সঙ্গে যোগাযোগ করে। আর এভাবেই এর শুরু।”
“রোসেলের সঙ্গে কথা বলার আগ পর্যন্ত এর কিছুই আমি জানতাম না। তিনি আন্দোজি জুবিজারেতার (বার্সেলোনার ক্রীড়া পরিচালক) সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিতে চান। কিছুদিন পর আমরা আলোচনা করা শুরু করি। তবে ঐ সময়ে এ বিষয়ে কিছুই আমার স্ত্রীকে জানাইনি।”
