২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ডোপ টেস্টেও ধরা গে

মার্কিন স্প্রিন্টার টাইসন গের দ্বিতীয় নমুনাতে নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব পাওয়া গেছে। শুক্রবার ইউএস অ্যান্টি ডোপিং এজেন্সি (ইউএসএডিএ) খবরটি জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

গত মে মাসে প্রতিযোগিতার বাইরে থাকার সময় এ বছরের দ্রুততম মানব টাইসন গের দ্বিতীয় মূত্র নমুনাটি নেয়া হয় বলে ইউএসএডিএ জানিয়েছে।

গের শরীরে মাদকের উপস্থিতির দ্বিতীয় প্রমাণ সম্পর্কে এক বিবৃতিতে ইউএসএডিএর প্রধান নির্বাহী ট্রাভিস টাইগার্ট জানিয়েছেন, “গের দ্বিতীয় নমুনার সব পরীক্ষা শেষে আমরা নিশ্চিত করছি যে, এই নমুনাতে একই মাদকের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে যা প্রথম নমুনায় পাওয়া গিয়েছিল।”

দুই সপ্তাহ আগে প্রথম নমুনাতেও নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব ধরা পড়ার পর অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ১০০ মিটার স্প্রিন্টের ইতিহাসে বিশ্বের দ্বিতীয় দ্রুততম মানব টাইসন গে। আগামী মাসে মস্কোতে অ্যাথলেটিক্সের এই সর্বোচ্চ আসর অনুষ্ঠিত হবে।

মাদক গ্রহণের অপরাধ সরাসরি স্বীকার না করলেও দায়ভার মেনে নিয়েছিলেন, ২০০৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০, ২০০ ও ১০০ মিটার রিলেতে সোনাজয়ী।

প্রথমবার ডোপিংয়ে ধরা পড়ার পর গে বলেছিলেন, “নিজেকে ধ্বংস করার মতো কোন কাজ আমি করিনি। এ বিষয়ে কোনো মিথ্যাও বলছি না। শুধু একজনকে বিশ্বাস করেছিলাম আর তাতেই আমার এই অধ:পতন। খুব বড় একটা ভুল করেছি।”

“আশা করছি, আমি আবার দৌড়াতে পারব। কিন্তু এখন আমি যে শাস্তিই আসুক, মাথা পেতে নেব”, প্রথমবার ডোপ টেস্টে পজিটিভ হওয়ার পর বলেছিলেন তিনি।”

অস্ত্রোপচারের জন্য প্রায় এক বছর ট্র্যাকের বাইরে থাকার পর ফিরে এসে দূর্দান্ত ফর্মে ছিলেন গে। ১০০ মিটারে এ বছরের সেরা তিনটি টাইমিংই তার। মার্কিন ট্রায়ালে ৯.৭৫ সেকেন্ডে দৌড়ানোর পর লুসানে ডায়মন্ড লিগ মিটে গে জিতেন ৯.৭৯ সেকেন্ডে।

মস্কোতে ১০০ মিটারে বিশ্বরেকর্ডধারী উসাইন বোল্টের সঙ্গে গের প্রত্যাশিত দ্বৈরথ আর তাই দেখা হচ্ছে না বিশ্ববাসীর।