জিমিকে হুমকিদাতার দুঃখ প্রকাশ
জাতীয় হকি দলের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি জানিয়েছেন, তাকে হুমকি দেয়া ব্যক্তি দুঃখ প্রকাশ করেছেন।
গত ১৮ জুলাই অপরিচিত এক নম্বর থেকে জিমির মোবাইল ফোনে একটি এসএমএস পাঠিয়ে তার বাসায় র্যাব পাঠানোর হুমকি দেয়া হয়। এরপর তিনি বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বৃহস্পতিবার জিমি জানান, “অন্য একটি নম্বর থেকে এসএমএস করে সেই ব্যক্তি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি তার পরিচয় প্রকাশ করেননি।”
“এসএমএসে বলা হয়েছে, ‘তোমাকে ভয় দেখানোর জন্য আমি এই বার্তা পাঠাইনি। তুমি ভয় পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি।’”
তিনি আরো বলেন, “যিনি এই কাজটি করে থাকুন, তিনি ভীষণ অন্যায় করেছেন। আমার মা আমাকে বারবার খেলা ছেড়ে দিতে বলছেন। আমি মাকে বোঝানোর চেষ্টা করছি।”
