২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্তিনোর নিয়োগে হাত নেই মেসির

লিওনেল মেসির সুপারিশেই বার্সেলোনার কোচ হিসেবে জেরার্দো মার্তিনো নিয়োগ পেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 04:34 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

টিটো ভিলানোভার উত্তরসূরি হিসেবে দুই বছরের চুক্তিতে বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন মেসির স্বদেশী মার্তিনো।

বুধবার প্রীতি ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে মেসি বলেন, “মার্তিনোর নিয়োগে আমার হাত নেই। আমার কিছু বলারও নেই। এটা রোসেল (বার্সেলোনা সভাপতি সান্দ্রো রোসেল) এবং ক্লাবের বিষয়। আমি কেবল বলেছিলাম তাকে একজন ভালো কোচ মনে হচ্ছে।”

বার্সেলোনার কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর মেসি ও তার বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন মার্তিনো।

মঙ্গলবার আর্জেন্টিনায় এক সংবাদ সম্মেলনে মার্তিনো বলেন, লিওনেল মেসি ও তার বাবা তাদের মতামত দিয়ে বিষয়টাকে প্রভাবিত করতে পারেন।

কিন্তু মেসি বলেন, “ব্যাক্তিগতভাবে তাকে (মার্তিনো) আমি চিনি না। তার সঙ্গে কখনো আমার সাক্ষাতও হয়নি।”

"নিওয়েলস ওল্ড বয়েজের (আর্জেন্টিনার ক্লাব) ও প্যারাগুয়ের কোচ হিসেবে তার সফলতাই প্রমাণ করে যে তিনি যোগ্য। আশা করি তিনি এখানে ভালো করবেন”, যোগ করেন চারবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়।