টাইগার উডস হতে চান ভাতিজি চায়ান
বিশ্বের এক নম্বর গলফার টাইগার উডসের মতো সেরা হতে চান ভাতিজি চায়ান উডস।
১৪টি মেজর টুর্নামেন্ট জেতা টাইগার উডসকে নিয়ে ভীষণ গর্বিত চায়ান এখন চান নিজের পরিচয়ে পরিচিত হতে। আগামী আগস্টে ব্রিটিশ ওপনে খেলার যোগ্যতা অর্জনে নেমেছেন তিনি।
বিবিসি স্পোর্টসকে ২৩ বছর বয়স্ক চায়ান উডস বলেন, "আমার নামের শেষে 'উডস' থাকায় আমি খুবই গর্বিত অনুভব করি। কিন্তু আমি আমার নিজের গলফের জন্য পরিচিত হতে চাই।"
মেয়েদের ইউরোপীয় ট্যুরের অংশ হিসেবে বছরজুড়ে পেশাদার গলফ খেলতে চান এই মার্কিনি। এজন্য তাকে ২৬ থেকে ২৮ জুলাইয়ে বাছাইপর্বে খেলতে হবে। এখানে ব্যর্থ হলে ২৯ জুলাই তাকে কিংসবার্নস গলফ ক্লাবে চূড়ান্ত বাছাইপর্বে যোগ্যতা অর্জন করতে হবে।
চায়ান স্বীকার করেন, "আমি যে টাইগার উডসের ভাতিজি তা আমাকে সবসময় মনে করিয়ে দেয়া হয়, তবে আমি এতে অভ্যস্ত হয়ে গেছি।"
অ্যারিজোনার ফিনিক্সে বেড়ে উঠা চায়ান উডস দুই বছর বয়সেই গলফের ক্লাব হাতে তুলে নেন। জুনিয়র ইভেন্টের সময় টাইগার উডসের বাবা তাকে কোচিং করান।
অপেশাদার গলফার হিসেবে ৩০টির বেশি টুর্নামেন্ট জেতা চায়ান পেশাদার শিরোপা জিতেছেন একবারই, ২০১২ সালের অগাস্টে এলপিজিএ ইন্টারন্যাশনাল।
ব্যস্ত সময়সূচির কারণে চাচার খেলা অবশ্য কাছে থেকে কমই দেখার সুযোগ পেয়েছেন চায়ান। তবে টাইগার উডসের দেয়া পরামর্শগুলো সবসময় মেনে চলেন তিনি।
"তিনি আমাকে এটা উপদেশ সমসময়ই দেন, তা হলো নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখা।"
চাচার উপরও অগাধ আস্থা চায়ান উডসের, "তিনি আমার গলফ ক্যরিয়ার সম্পর্কে খোঁজ রাখেন। আমি ওপেনে খেলার যোগ্যতা অর্জন করলে তিনি হয়তো আমাকে দু-একটি পরামর্শও দেবেন। কিন্তু আমার যদি কখনও কোনো কিছুর প্রয়োজন হয়, আমি জানি আমি সবসময় তাকে কাছে পাব।"
