২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাইরে নিরপেক্ষ ভেন্যুতে লিগ হচ্ছে না

ঢাকার বাইরে নিরপেক্ষ ভেন্যুতে হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। আগের মতো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতেই হবে আসরটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 08:38 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভা থেকে এই নির্দেশনা পেশাদার লিগ কমিটিকে দেয়া হয়। মঙ্গলবার পেশাদার লিগ কমিটির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে অবশ্য বাফুফে চেয়েছিল ঢাকার বাইরে তিনটি নিরপেক্ষ ভেন্যুতে লিগটি আয়োজন করতে। কিন্তু ক্লাবগুলো বাফুফের প্রস্তাবে রাজি হয়নি। ঢাকার বাইরে খেলার সমস্ত খরচ বহন করা হলেই কেবল তারা রাজি হবে বলে জানিয়েছিল।

তাই বাফুফে পূর্বের নিয়মে ফিরে আসে। অবশ্য তাতেও কিছুটা পরিবর্তন হয়েছে। লিগ হবে তিন রাউন্ডের, প্রথম দুটি রাউন্ড হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে। তৃতীয় রাউন্ড হবে ঢাকার নিরপেক্ষ ভেন্যুতে।

সভায় আরামবাগকে লিগ থেকে অবনমন না করার প্রস্তাব নাকচ করে দেয়া হয়েছে। তাই আগামী লিগ হবে ১০ টি দলের। প্রিমিয়ার লিগের আটটি দলের সঙ্গে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠবে চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ও রানার্সআপ উত্তর বারিধারা।

খেলা বাড়ছে দলগুলোর

দশটি দল খেললে লিগে একটা দল কমপক্ষে ২৭ টি করে ম্যাচ খেলবে। অবশ্য ফেডারেশন কাপ, সুপার কাপ ও স্বাধীনতা কাপ মিলিয়ে এক মৌসুমে ৩৫টিরও বেশি ম্যাচ খেলবে একটা দল।
ফিফার দিক নির্দেশনা ছিল এক মৌসুমে একটি দলকে কমপক্ষে ৩৫ থেকে ৪০ টি করে ম্যাচ খেলতে। বাফুফে সেই নির্দেশনা শেষ পর্যন্ত মানছে। গত মৌসুমে একটি দল ২৫টি করে ম্যাচ খেলেছিল।

এদিকে সুপার কাপ এবারও দেশীয় খেলোয়াড়দের নিয়ে আয়োজন হবে। এতে খেলবে ৬ টি ক্লাব।
আর পেশার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে এবার দুটি দল বাড়ছে। গত বছর খেলেছিল ৭ টি দল এবার খেলবে ৯ টি দল। ডিএফএ লিগ থেকে দুটি দল এতে উঠবে।