২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাদ ইয়োহান ব্লেক

মার্কিন স্প্রিন্টার টাইসন গের পর অ্যাথলেটিক্সের সর্বোচ্চ আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ১০০ মিটারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইয়োহান ব্লেকও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 07:04 AM

Updated : 13 Oct 2022, 02:53 PM

পুরনো খবর:

ড্রাগ টেস্টে ধরা গে ও পাওয়েল

ব্লেকের ম্যানেজার কিউবি সিগোবিন রয়টার্সকে জানান, হ্যামস্ট্রিং চোটের কারণে আগামী অগাস্টে মস্কোতে অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসে খেতার ধরে রাখার লড়াইয়ে নামবেন না এই জামাইকান স্প্রিন্টার।

দক্ষিণ কোরিয়ার দেগুতে ২০১১ সালের আসরে বোল্ট ফলস স্টার্টের জন্য বাদ পড়ার পর ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছিলেন ২৩ বছর বয়স্ক ব্লেক।

গতবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার ইয়োহান ব্লেক সরাসরি বিশ্ব অ্যাথলেটিক্সের ১০০ মিটার দৌড়ে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। তবে চোটের কারণে জ্যামাইকান ট্রায়ালের ২০০ মিটার থেকে নিজেকে প্রত্যাহার করায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের এ ইভেন্টে আগে থেকেই ছিলেন না তিনি।

লন্ডন অলিম্পিকে উসাইন বোল্টের পেছনে থেকে ১০০ ও ২০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জেতা ব্লেক এ বছর প্রতিযোগিতামূলক কোনো আসরে ১০০ মিটার দৌড়াননি।

ডোপ টেস্টে অনুত্তীর্ণ হওয়ার পর মার্কিন স্প্রিন্টার টাইসন গে আর ব্লেক সতীর্থ আসাফা পাওয়েল আগেই মস্কোর আসর থেকে নিজেদের প্রত্যাহার করে নেন।

১০০ মিটার স্প্রিন্টের ইতিহাসে বিশ্বের দ্বিতীয় দ্রুততম মানব টাইসন গেকে শুক্রবার ইউএস অ্যান্টি-ডোপিং এজেন্সি জানায়, গত মে মাসে নেয়া একটি নমুনায় নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব ধরা পড়েছে।

আর জুনে জ্যামাইকান চ্যাম্পিয়নশিপের সময় নেয়া নমুনায় সাবেক বিশ্বরেকর্ডের মালিক পাওয়েলের শরীরে নিষিদ্ধ ড্রাগ ধরা পড়ে।

১০০ মিটার দৌড়ের ইতিহাসে গতিদানব উসাইন বোল্টের পর সেরা তিন দ্রুততম অ্যাথলেট হচ্ছেন গে, ব্লেক আর পাওয়েল। মস্কোতে বোল্টের জন্য এখন যোগ্য প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়াটাই মুশকিল।