২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জিতল ফ্রান্সের যুবারা

উরুগুয়েকে পেনাল্টি শুটআউটে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 06:19 AM

Updated : 13 Oct 2022, 02:53 PM

শনিবার তুরস্কের ইস্তানবুলে ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে ফ্রান্স।

নির্ধারিত সময়ে দুই পক্ষই আক্রমণ-প্রতিআক্রমণে গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়।

টাইব্রেকারের নায়ক ফ্রান্সের গোলরক্ষক আলফোনসে আরেয়োলা। প্যারিস সেইন্ট জার্মেইয়ের এই গোলরক্ষক দুটি স্পট কিক ঠেকিয়ে দেন।

চতুর্থ স্পট কিকে দিমিত্রি ফাউলকুইয়ারের গোলে জয় নিশ্চিত হয় ফ্রান্সের।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টুর্নামেন্টে চমৎকার খেলা ইরাককে ৩-০ গোলে হারায় ঘানা।

ফ্রান্সের মিডফিল্ডার পল পোগবা টুর্নামেন্টেজুড়ে অসাধারণ খেলার জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার অ্যাডিডাস গোল্ডেন বল জেতেন।

৬ গোল করে গোল্ডেন বুট জেতেন ঘানার ইবেনেজার আসিফুয়াহ।