২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলহ্যাম কিনলেন মার্কিন ব্যবসায়ী

মার্কিন বিলিওনিয়ার শহীদ খানের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম বিক্রি করে দিয়েছেন মোহামেদ আল ফায়েদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 07:59 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাব মার্কিন মালিকানায় গেল।

গাড়ির যন্ত্রাংশের ব্যবসায়ী ৬২ বছর বয়সী খান যুক্তরাষ্ট্রের এনএফএল দল জ্যাকসনভিল জাগুয়ার্সেরও মালিক।

১৯৯৭ সালে ৩ কোটি পাউন্ডে ফুলহ্যাম কেনার পর ১৬ বছরে তৃতীয় ধাপ থেকে ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে ক্লাবকে তুলে আনেন মিশরীয় মোহামেদ আল ফায়েদ।

প্রিয় ক্লাবটি বিক্রির পর ৮৪ বছর বয়স্ক এই ব্যবসায়ী বলেন, “১৬টি স্মৃতিময় বছর ধরে ফুলহ্যাম ফুটবল ক্লাবের চেয়ারম্যান থাকতে পারাটা আনন্দ ও গর্বের।”

লেনদেনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও গণমাধ্যমগুলো বলছে, ১৫ কোটি পাউন্ড থকে ২০ কোটি পাউন্ডে চুক্তি হয়েছে।

পাকিস্তানে জন্ম নেয়া খান ১৬ বছর বয়সে প্রকৌশল নিয়ে পড়তে যুক্তরাষ্ট্রে আসেন। শিল্প প্রকৌশলে স্নাতক করা খান পর পর ফ্লেক্স-এন-গেইট নামের অটোমোটিভ ফার্ম গড়ে তোলেন যার কর্মী সংখ্যা বর্তমানে প্রায় ১৬ হাজার।

ফুলহ্যাম কেনার পর খান বলেন, “একদম ঠিক সময়ে ঠিক ক্লাবটি কিনেছি। আমি পরিষ্কার করে বলতে চাই, আমি নিজেকে ফুলহ্যামের একজন মালিক হিসেবে না দেখে সমর্থকদের পক্ষ থেকে ক্লাবের রক্ষক হিসেবে দেখি।”

নিজের লক্ষ্যের কথাও জানালেন খান, “আমার প্রধান কাজ হবে ভবিষ্যতে প্রিমিয়ার লিগে একটা ভালো অবস্থানে যাওয়া যা নিয়ে বর্তমান ও ভবিষ্যত প্রজম্মের সমর্থকরা গর্বিত বোধ করতে পারে।”

গত মৌসুমে ১২তম অবস্থানে থেকে লিগ শেষ করে ফুলহ্যাম।