ওয়াহেদকে নিয়ে ডি ক্রুইফের উচ্ছ্বাস
এবারের সুপার কাপের অন্যতম ‘আবিষ্কার’ ওয়াহেদ আহমেদ। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ডকে নিয়ে জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফও উচ্ছ্বসিত।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক প্রস্তুতি ম্যাচে ওয়াহেদের জোড়া গোলে জাতীয় দল ২-০ গোলে বিজেএমসিকে হারিয়েছে। খেলা শেষে ডি ক্রুইফ বলেন, “ওয়াহেদের অতি দ্রুত প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙ্গে ঢুকে পড়ার ক্ষমতা আছে। এত দিন তার কথা কেউ না বলায় আমি ভীষণ অবাক হয়েছি। তার কথা জানা থাকলে চ্যালেঞ্জ কাপের দলে তাকে নিতে পারতাম।”
দেশের অন্যতম সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিরও প্রশংসা করে তিনি বলেন, “স্ট্রাইকার এমিলির পারফরম্যান্সেও আমি খুশি। অবশ্য আমি কোনো তুলনা করতে চাই না। সবাই ভালো ফুটবলার।”
জাতীয় দলের মূল্যায়ন করে ডি ক্রুইফ বলেন, “প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ছেলেরা ভালো খেলেছে। তবে সব মিলিয়ে ভালোই খেলেছে। এখনো আমি সবাইকে বোঝার চেষ্টা করছি। ২৩ জনের চূড়ান্ত দল গঠন করতে আরো কয়েক দিন লাগবে। আশা করি শনি বা রোববার দল ঘোষণা করতে পারবো।”
