ইউরোপ সেরার তালিকায় বায়ার্নের দাপট
ইউরোপের সেরা ফুটবলার পুরস্কারের জন্য বেছে নেয়া ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছে ট্রেবল জেতা বায়ার্ন মিউনিখের চার খেলোয়াড়।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা বায়ার্নের টমাস মুলার, ফ্রাংক রিবেরি, আরিয়েন রোবেন ও বাস্তিয়ান শোয়াইনস্টাইগার আছেন এ তালিকায়। আছেন বুন্দেসলিগার আরেক দল বরুসিয়া ডর্টমুন্ডের রবার্ট লেভানডস্কিও।
বার্সেলোনার চার বার ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো আছেন সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে। গত মৌসুমে দুই জন মিলে করেছেন ১০৭ গোল।
ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় টটেনহ্যাম হটস্পারের গ্যারেথ বেল আর ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি মনোনীত হয়েছেন ইংল্যান্ড থেকে।
গত মৌসুমে দলের হয়ে ৩১ গোল করেছেন বেল। আর দলকে প্রিমিয়ার লিগ জেতানো ফন পার্সির গত মৌসুমে মোট গোল ৩০টি।
সুযোগ আছে প্যারিস সেইন্ট জার্মেইকে লিগ জেতানো জ্লাতান ইব্রাহিমোভিচেরও। দলের হয়ে প্রথম মৌসুমে ৩৭ গোল করেছেন তিনি।
