২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল-হকিকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস

ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার যত দ্রুত সম্ভব হকির অচলাবস্থা নিরসন এবং সিলেট বিকেএসপি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 02:43 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

রোববার জাতীয় ক্রীড়া পরিষদে হকি খেলোয়াড়রা তার সঙ্গে দেখা করতে গেলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “আমি সোমবার সিলেটে যাচ্ছি। সিলেট থেকে ফিরেই হকি ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনায় বসবো।”

“ক্লাবগুলো আর খেলোয়াড়দের সঙ্গেও আলোচনা করবো। আশা করি সপ্তাহ খানেকের মধ্যেই একটা সমাধানে পৌঁছাতে পারবো। তবে সব কিছু ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।” প্রায় দুই সপ্তাহ আগে হকি ফেডারেশনের নির্বাচনে খাজা রহমতউল্লাহর নেতৃত্বাধীন আবাহনী সমর্থিত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। কিন্তু আদালতের নির্দেশে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন এখনো প্রজ্ঞাপন জারি করতে পারেনি। এদিকে মোহামেডানসহ ৭টি ক্লাব হকির সব ধরণের কার্যক্রম বর্জনের ঘোষণা দেয়ায় নির্ধারিত সময়ে অর্থাৎ গত ২ থেকে ৪ জুলাই দলবদলও হতে পারেনি। হকি অঙ্গনে গুঞ্জন, কয়েক দিনের মধ্যে নির্বাচিত কমিটির নামে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এরপর নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য অ্যাডহক কমিটি গঠন করা হতে পারে। খেলোয়াড়রাও তেমন পরামর্শই দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে। হকির পাশাপাশি ফুটবলের সমস্যা সমাধানেও ক্রীড়া প্রতিমন্ত্রী এখন ব্যস্ত। আগামী দেড় মাসের মধ্যে সিলেট বিকেএসপি সংস্কার করে বাফুফের কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন তিনি। ছয় মাস আগে অর্থ মন্ত্রণালয় প্রায় দুই কোটি টাকা বরাদ্দ করলেও বাফুফে অ্যাকাডেমির জন্য সিলেট বিকেএসপির সংস্কার শুরু করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত বৃহস্পতিবার বাফুফে কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে অ্যাকাডেমি না করার হুমকি পর‌্যন্ত দেন। তবে রোববার ক্রীড়া প্রতিমন্ত্রী বাফুফে কর্মকর্তাদের আশ্বাস দিয়ে বলেন, “সিলেট বিকেএসপিতে বাফুফে অ্যাকাডেমি করার ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। দরপত্র আহ্ববানে জটিলতার কারণে কাজ শুরু হতে দেরি হচ্ছে। এখানে আমাদের কোনো হাত নেই।” ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিকেএসপির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয় বাফুফে। গত জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে সিলেট বিকেএসপি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পায় তারা। এর মধ্যে অ্যাকাডেমির জন্য কোচ চলে এসেছেন, খেলোয়াড়ও বাছাই হয়েছে। কিন্তু সংস্কার না হওয়ায় বাফুফে এখনো অ্যাকাডেমির কার্যক্রম শুরু করতে পারেনি।