২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলিনিয়ো এখন টটেনহ্যামের

টটেনহ্যাম হটস্পারে যোগ দিতে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার পলিনিয়ো। শনিবার এক বিবৃতিতে ‘স্পার্স’ নামে পরিচিত ইংল্যান্ডের ক্লাবটিও খবরটার সত্যতা নিশ্চিত করেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Jul 2013, 02:39 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক কোটি ৭০ লাখ পাউন্ড (প্রায় দুই কোটি ৫৩ লাখ মার্কিন ডলার) ট্রান্সফার ফি’র বিনিময়ে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স থেকে টটেনহ্যামে যোগ দিচ্ছেন তিনি।

টটেনহ্যামে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ২৪ বছর বয়সী পলিনিয়ো ক্লাবের ওয়েবসাইটের মাধ্যমে জানান, “আমার প্রতি বিশ্বাস রাখার জন্য টটেনহ্যামকে ধন্যবাদ জানাই। টটেনহ্যামের মতো বড় ক্লাবে খেলতে পারা আমার ফুটবল-জীবনের জন্য দারুণ সুখবর। জানি এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। তবে আমার বিশ্বাস, সতীর্থদের সাহায্য করে দলকে সাফল্য এবং সমর্থকদের আনন্দ উপহার দিতে আমি ভালোই সাহায্য করবো।”

কনফেডারেশন্স কাপে তৃতীয় সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী পলিনিয়ো আরো বলেন, “আমরা ব্রাজিলে টটেনহ্যামের ম্যাচসহ প্রিমিয়ার লিগের খেলা দেখি। এই দলে অনেক ভালো মানের খেলোয়াড় আছে। সাফল্য এনে দিতে আমি শুধু তাদের সাহায্য করতে চাই।”

জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচে পাঁচটি গোল করা পলিনিয়ো কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়সূচক গোলটি করেছিলেন।