নতুন ‘রানী’র অপেক্ষায় উইম্বলডন
জার্মানির সাবিন লিসিকি ও ফ্রান্সের মারিয়ন বার্তোলির সামনে জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জয়ের সুযোগ। শনিবার উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হবেন তারা।
টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট উইম্বলডনে সাম্প্রতিক সময়ে এবারের মতো এত অঘটনের জন্ম হয়নি। বিশেষ করে মহিলা এককে। চোটের কাছে হার মেনে দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কার বিদায় দিয়ে শুরু। এরপর একে-একে হেরে যান তৃতীয় বাছাই মারিয়া শারাপোভা এবং শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস।
সেমিফাইনালে ওঠা চার জনের কেউ উইম্বলডন তো দূরের কথা, কোনো গ্র্যান্ড স্লামেরই শিরোপার মধুর স্বাদ পাননি।
শেষ চারের লড়াইয়েও চমক কম ছিল না। র্যাঙ্কিংয়ে সেরা দশের একমাত্র খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে উঠলেও লিসিকির কাছে হেরে যান পোল্যান্ডের চতুর্থ বাছাই আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা।
১৯৯৯ উইম্বলডনে স্টেফি গ্রাফের পর প্রথম জার্মান মহিলা খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা ২৩তম বাছাই লিসিকি বলেন, “টুর্নামেন্টের শুরু থেকে দারুণ কয়েকটা ম্যাচ খেলেছি। কঠিন চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়েছি। এ সবই আমাকে আগামীকালের (শনিবার) জন্য প্রস্তুত করেছে। আমি (ফাইনালের জন্য) পুরোপুরি প্রস্তুত।”
২৩তম বাছাই লিসিকি এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেও বার্তোলি এত ‘অনভিজ্ঞ’ নন। ছয় বছর আগে উইম্বলডনেরই ফাইনালে উঠেছিলেন তিনি। তবে ফাইনালে সরাসরি সেটে হেরে যান ভেনাস উইলিয়ামসের কাছে।
আবার শিরোপার সামনে দাঁড়ানো পঞ্চদশ বাছাই বার্তোলি বলেন, “এটা হবে স্নায়ুর লড়াই। সেই লড়াইয়ে যে জয়ী হবে দিনটাও তারই হবে।”
