২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে লিসিকি-বার্তোলি

উইম্বলডনে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন জার্মানির সাবিন লিসিকি ও ফ্রান্সের মারিয়ন বার্তোলি। ফাইনাল হবে শনিবার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Jul 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বৃহস্পতিবার শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ২৩তম বাছাই লিসিকি হারিয়ে দিয়েছেন গতবারের রানার আপ পোল্যান্ডের চতুর্থ বাছাই আগ্নিয়েস্কা রাদওয়ান্সকাকে। দুই ঘণ্টা ১৮ মিনিট দীর্ঘ খেলার ফলাফল ৬-৪, ২-৬, ৯-৭।

১৯৯৯ উইম্বলডনে স্টেফি গ্রাফের পর প্রথম জার্মান মহিলা খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন লিসিকি।

চতুর্থ রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে বিদায় করে দেয়া লিসিকি খেলা শেষে বলেন, “সত্যিই অবিশ্বাস্য! আগ্নিয়েস্কা খুবই ভালো খেলেছে। দুজনের মধ্যে রীতিমতো যেন যুদ্ধ হচ্ছিল। শেষ পর‌্যন্ত জিততে পেরে আমি ভীষণ খুশি।”

অন্য সেমিফাইনালে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। একপেশে লড়াইয়ে মাত্র ৬৩ মিনিটে পঞ্চদশ বাছাই বার্তোলি ৬-১, ৬-২ গেমে বেলজিয়ামের ২০তম বাছাই কারস্টেনকে ফ্লিপকেন্সকে হারিয়েছেন।

ছয় বছর আগে উইম্বলডনে রানার আপ হওয়া বার্তোলি জয়ের পর বলেন, “বিশ্বাসই হচ্ছে না যে আমি এত ভালো খেলেছি। আমি যেন বলটাকে ফুটবলের মতো দেখছিলাম! উইম্বলডনের সেমিফাইনালে এত ভালো খেলতে পারার অনুভূতি সত্যিই অসাধারণ।”