কনফেডারেশন্স সাফল্যে শীর্ষ দশে ব্রাজিল
কনফেডারেশন্স কাপ জেতার পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দশে ফিরে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
র্যাংকিংয়ে ২২তম স্থান চলে যাওয়া ব্রাজিল ঠিক এক বছর পর শীর্ষ দশে ফিরে এল। দেশের মাটিকে কনফেডারেশনস কাপে তাদের পাঁচটি ম্যাচে জিতে ব্রাজিল উঠে এসেছে নয় নম্বরে।
এর আগে ফ্রান্সের সঙ্গে ওয়ার্ম-আপ ম্যাচে ৩-০ গোলে জয়ও র্যাংকিংয়ে উত্তরণে ভূমিকা রেখেছে।
তুলনামূলক খারাপ ফল আর খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার জন্য ব্রাজিল শীর্ষ দশের বাইরে ছিটকে গিয়েছিল।
স্বাগতিক হওয়ার সুবাদে ব্রাজিলকে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হচ্ছে না। তাই কনফেডারেশনস কাপের আগে দুই বছর ব্রাজিল কেবল প্রীতি ম্যাচই খেলেছে। ফলে র্যাংকিংয়ের জটিল হিসেব-নিকেশে খুব কম পয়েন্টই পেয়েছে সেলেকাওরা।
ফিফা র্যাংকিংয়ে এশীয় দেশগুলোর অবস্থা ভালো নয়। সর্বোচ্চ অবস্থানে আছে জাপান (৩৭ তম)। শীর্ষ ৫০টি দলের মধ্যে আছে আর কেবল অস্ট্রেলিয়া আর দক্ষিণ কোরিয়া।
ব্রাজিলের কাছে কনফেডারেশনস কাপে শোচনীয়ভাবে হারলেও স্পেন আছে র্যাংকিংয়ের শীর্ষে। জার্মানি দ্বিতীয় ও কলম্বিয়া তৃতীয় অবস্থানে আছে।
ফিফা র্যাংকিং: ১. স্পেন, ২. জার্মানি, ৩. কলম্বিয়া, ৪. আর্জেন্টিনা, ৫. নেদারল্যান্ডস, ৬. ইটালি, ৭. পর্তুগাল, ৮. ক্রোয়েশিয়া, ৯. ব্রাজিল, ১০. বেলজিয়াম।
