২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্যের কথা জানালেন নাভিদ আলম

জাতীয় হকি দলের নবনিযুক্ত পাকিস্তানি কোচ নাভিদ আলম জানিয়েছেন, তরুণ প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি এশিয়া কাপে দলকে যতটা সম্ভব ভালো ফলাফল এনে দেয়াই তার লক্ষ্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার দলের সঙ্গে প্রথম বারের মতো অনুশীলন শেষে তিনি বলেন, “শুধু বাংলাদেশ নয়, এশিয়ার হকিও অনেক পিছিয়ে পড়েছে। আমার লক্ষ্য এশিয়ার হকিকে জাগিয়ে তোলা। বাংলাদেশে কাজ করতে এসেছি বলে বাংলাদেশের হকিকে এগিয়ে নেয়াই আমার প্রধান কাজ।” “আমার প্রথম লক্ষ্য নতুন প্রতিভা খুঁজে বের করা, বিভিন্ন বয়সভিত্তিক দল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে তাদের জাতীয় দলে নিয়ে আসা।” আগামী ২৪ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর‌্যন্ত মালয়শিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপে লক্ষ্য সম্পর্কে নাভিদ বলেন, “গত এশিয়া কাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। সপ্তম হয়েছিল তারা। এবার তার চেয়ে ভালো ফলাফল এনে দিতে পারলেই আমি সন্তুষ্ট হবো।” “তবে কাজটা সহজ হবে না। আমি জানি রাসেল মাহমুদ জিমির মতো কয়েক জন ভালো খেলোয়াড় বাংলাদেশ দলে আছে। সবাইকে এক সুতোয় গাঁথতে পারলে সাফল্য পাওয়া সম্ভব।” তিনি আরো বলেন, “আমি শুনেছি বিশ্ব হকি লিগে বাংলাদেশের পারফরম্যান্স ভালো ছিল। তবে সেই তৃপ্তি নিয়ে বসে থাকলে চলবে না। সেটা এখন অতীত। আমাদের ভবিষ্যত নিয়ে ভাবতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক সাধনা করতে হবে। তাহলেই শুধু বিশ্ব হকির সঙ্গে তাল মিলানো সম্ভব।” এদিকে মঙ্গলবার হকি খেলোয়াড়রা বিওএ ভবনে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে দেখা করে দলবদলের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষনিকভাবে কিছু না জানালেও আগামী রোববার তাদের সঙ্গে সভা করার প্রতিশ্রুতি দিয়েছেন।