২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের পক্ষে আর্মস্ট্রংয়ের ‘যুক্তি’

মাদক গ্রহণের দায়ে আজীবন নিষিদ্ধ সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং মনে করেন, মাদক ছাড়া সাইক্লিংয়ের সেরা রেস ‘ট্যুর ডি ফ্রান্স’ জেতা সম্ভব নয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Jun 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার ফরাসি দৈনিক ‘লা মন্দে’কে সাক্ষাৎকার দেয়ার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, তার খেলোয়াড়ি-জীবনে মাদক ছাড়া কোনো সাইক্লিস্টের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব ছিল কিনা। এর জবাবে যুক্তরাষ্ট্রের আর্মস্ট্রং বলেন, “এটা নির্ভর করে রেসের ওপরে। আপনি ট্যুর ডি ফ্রান্সের কথা বলছেন? না, সম্ভব নয়। মাদক ছাড়া এই রেস জেতা অসম্ভব।”

১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা সাত বার ‘ট্যুর ডি ফ্রান্স’-এ চ্যাম্পিয়ন আর্মস্ট্রংয়ের সব শিরোপা মাদক গ্রহণের দায়ে কেড়ে নেয়া হয়েছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আর্মস্ট্রং বলেন, “অর্জনের তালিকা থেকে আমার নাম মুছে ফেলা হয়েছে। কিন্তু ১৯৯৯ থেকে ২০০৫ পর্যন্ত ট্যুর ডি ফ্রান্স তো হয়েছিল। নাকি হয়নি? এই রেসগুলোর একজন বিজয়ীও ছিল। তিনি কে? কেউ তো আমার অর্জন নিজের বলে দাবি করতে এগিয়ে আসেনি।”

“আমি ডোপিং (মাদক নেয়া) আবিষ্কার করিনি। আমার বিদায়ের পর ডোপিং শেষও হয়ে যায়নি। আমি শুধু সিস্টেমটার অংশীদার হয়েছিলাম। ইউএসএডিএ’র (যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী সংস্থা) ‘যৌক্তিক সিদ্ধান্ত’ নিখুঁতভাবে একটা মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। কিন্তু তা সাইক্লিংয়ের কোনো কাজে আসেনি।”