ফেদেরার-শারাপোভার বিদায়
তৃতীয় দিনে দুই তারকাকে হারিয়ে বিবর্ণ উইম্বলডন। বুধবার দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন গতবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। দুজনেই অখ্যাত প্রতিপক্ষের কাছে পরাস্ত।
রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম বিজয়ী এবং ৭ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরারের ‘ঘাতক’ ইউক্রেনের সের্গেই স্তাখভস্কি। ঠিক তিন ঘণ্টা দীর্ঘ ম্যাচের ফলাফল ৭-৬ (৭/৫), ৬-৭ (৫/৭), ৫-৭, ৬-৭ (৫/৭)।
শারাপোভাকে হারিয়েছেন পর্তুগালের মিশেলে লার্চার দি ব্রিতো; ৬-৩, ৬-৪ গেমে। ৯ বছর আগে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে টেনিস-বিশ্বে সাড়া ফেলে দেয়া শারাপোভাকে অবশ্য চোট নিয়ে খেলতে হয়েছে। একবার পড়ে গিয়ে ব্যথা পেয়ে মিনিট দশেক চিকিৎসাও নিয়েছেন।
তৃতীয় বাছাই শারাপোভা তা-ও খেলে বিদায় নিয়েছেন। দ্বিতীয় বাছাই ও অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা তো হাঁটুর চোটের কারণে কোর্টেই নামতে পারেননি, ওয়াক ওভার দিয়েছেন ইতালির ফ্লাভিয়া পেন্নেত্তাকে।
প্রথম দিন রাফায়েল নাদালকে বিদায় করে দেয়া বেলজিয়ামের স্টিভ ডার্সিসও ওয়াক ওভার দিয়েছেন প্রতিপক্ষকে। আর লাটভিয়ার এরনেস্তস গুলবিলের বিপক্ষে ৬-৩, ৩-৬, ৩-৬ গেমে পিছিয়ে থাকা অবস্থায় হাঁটুর চোটের কারণেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন ফ্রান্সের ষষ্ঠ বাছাই জো-উইলফ্রেড সঙ্গা।
