সেমিফাইনালে নেই বালোতেল্লি
ইতালির জন্য দুঃসংবাদ, চোটের কারণে কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে খেলতে পারবেন না স্ট্রাইকার মারিও বালোতেল্লি।
বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে ইতালিয়ানদের প্রতিপক্ষ বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।
টুর্নামেন্টে দুই গোল করা বালোতেল্লির চোট সম্পর্কে ইতালিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, “আজ (সোমবার) দুপুরে ফর্তালেজায় এক পরীক্ষায় মারিও বালোতেল্লির বাঁ পায়ের পেশি ছিঁড়ে যাওয়া ধরা পড়েছে। তাই বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে সেমিফাইনালে তিনি খেলতে পারবেন না।”
পায়ের পেশিতে টান পড়ায় গত শনিবার ব্রাজিলের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে আন্দ্রিয়া পির্লো খেলতে পারেননি। তবে সেমিফাইনালে এই প্লেমেকারকে পাওয়ার আশা করছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
