২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ-সেরা অপ্রতিরোধ্য স্পেন

কনফেডারেশন্স কাপে শিরোপা জিততে না পারার হতাশা ঘোচাতে মরিয়া স্পেন গ্রুপ পর্বে শতভাগ জয়ের আনন্দে বিভোর। নাইজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলবে তারা। এই গ্রুপ থেকে তাদের সঙ্গী উরুগুয়ে। গ্রুপের অন্য ম্যাচে তাহিতিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Jun 2013, 08:59 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়ে ২৮ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়া স্পেনের সংগ্রহ ৯ পয়েন্ট। দুই ম্যাচ জিতে উরুগুয়ের পয়েন্ট ৬। নাইজেরিয়া ৩ এবং তাহিতি শূন্য পয়েন্ট নিয়ে বাড়ি ফিরছে।

বৃহস্পতিবার সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইতালি। এক বছর আগে ইউক্রেনের কিয়েভে ‘ইউরো ২০১২’-এর ফাইনালে যাদের বিশ্ব চ্যাম্পিয়নরা বিধ্বস্ত করেছিল ৪-০ গোলে। বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল ও উরুগুয়ে।

ফর্তালেজায় বার্সেলোনার ৮ জন খেলোয়াড়কে নিয়ে প্রথম একাদশ সাজানো স্পেনের তিন গোলের দুটোই জর্দি আলবার। বার্সা ডিফেন্ডারের দুটো গোলই দুর্দান্ত। অন্য গোলটি চেলসি স্ট্রাইকার ফার্নান্দো তরেসের।

তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। চার জনের বাধা এড়িয়ে নেয়া আলবার জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্ডার কেনেথ ওমেরুও’র গায়ে লেগে, দিক পরিবর্তন করে জালে চলে যায়।

৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তার ঠিক তিন মিনিট আগে রবার্তো সলদাদোর জায়গায় মাঠে নামা তরেস। টুর্নামেন্টে এটা তার পঞ্চম গোল।

৮৭ মিনিটে আলবার দ্বিতীয় গোল ছিল প্রথমটির মতোই দৃষ্টিনন্দন। নিজেদের অর্ধে পাওয়া ফ্রি কিক ধরে, নাইজেরিয়ান ডিফেন্স ভেদ করে, গোলরক্ষক ভিনসেন্ট এনিয়ামাকেও পেরিয়ে ফাঁকা পোস্টে বল ঠেলে দেন আলবা।

রেসিফেতে উরুগুয়ের ৮ গোলের চারটিই করেন আবেল হার্নান্দেজ। এর মধ্যে প্রথমটি ছিল ৭৯ সেকেন্ডের সময়। কনফেডারেশন্স কাপে এটাই দ্রুততম গোল। বাকি চার গোলের দুটি লুই সুয়ারেজের। একটি করে গোল ডিয়েগো পেরেজ ও নিকোলাস লোদেইরোর। ৫০ মিনিটে তাহিতির তৃতীয় গোলরক্ষক জিলবার্ত মেরিয়েল আন্দ্রেস স্কত্তির পেনাল্টি ঠেকিয়ে গোলের ঘরে ‘৯’ লিখতে দেননি। পেনাল্টি মিসের হতাশাতেই হয়তো, মিনিট খানেক পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান স্কত্তি। তাহিতিও অবশ্য দশ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। ৫৯ মিনিটে তেহিভারি লুদিভনও দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে অনুসরণ করেন স্কত্তিকে। তিন ম্যাচেই বিধ্বস্ত হয়ে ২৪ গোল খেলেও ব্রাজিলিয়ানদের মন জয় নিয়েছেন তাহিতির ফুটবলাররা। প্রত্যেক ম্যাচেই গ্যালারির অকুণ্ঠ সমর্থন পেয়েছেন তারা। খেলা শেষে তাই ব্রাজিলের পতাকা উড়িয়ে এবং বিশাল এক ব্যানার তুলে ধরে ভালবাসার প্রতিদান দেয় ওশেনিয়া চ্যাম্পিয়নরা। ব্যানারে লেখা ছিল ‘ওব্রিগাদো ব্রাসিল’। যার অর্থ ‘ধন্যবাদ ব্রাজিল’।