তাহিতির জালে স্পেনের গোল-বন্যা
এমন একটা ফলাফল যে হতে পারে, তা আগেই আঁচ করা গিয়েছিল। একদিকে মহাশক্তিধর স্পেন, অন্যদিকে প্রথম বারের মতো কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাওয়া তাহিতি। অনুমিতভাবেই কনফেডারেশন্স কাপে তাহিতিকে ১০-০ গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের মহড়া প্রতিযোগিতায় এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।
নিজেদের ফুটবল-ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয়ে ‘বি’ গ্রুপ থেকে স্পেনের সেমিফাইনালে উত্তরণ প্রায় শতভাগ নিশ্চিত। প্রথম ম্যাচে উরুগুয়েকে ২-১ গোলে হারিয়ে দেয়া স্প্যানিশদের সংগ্রহ ৬ পয়েন্ট। উরুগুয়ে-নাইজেরিয়া দু দলেরই পয়েন্ট ৩। আগের ম্যাচে নাইজেরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যাওয়া তাহিতির পয়েন্টের ঘরে যে শুধুই শূন্যতা, তা বোধহয় বলার প্রয়োজন নেই!
রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে একটি পেনাল্টি মিস করেও চার গোল করেছেন ফার্নান্দো তরেস। তিন গোল করেছেন আরেক স্ট্রাইকার ডেভিড ভিয়া। ডেভিড সিলভার দুই গোল, অন্য গোলটি হুয়ান মাতার।
প্রথম বারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে নেমে বিধ্বস্ত হলেও বল পায়ে এলে আক্রমণে ওঠার চেষ্টা করেছেন তাহিতির ফুটবলাররা। মারাকানার প্রায় ৭২ হাজার দর্শকের অকুণ্ঠ সমর্থনও পেয়েছেন তারা। ওশেনিয়া চ্যাম্পিয়নদের প্রতিটি পাস, প্রতিটি ট্যাকলকে চিৎকার করে স্বাগত জানিয়েছে দর্শকরা।
সবচেয়ে বেশি হর্ষধ্বনি পেয়েছেন তাহিতির ২০ বছর বয়সী গোলরক্ষক মিকায়েল রোচে, দ্বিতীয়ার্ধে দুটো দারুণ সেভ করে। যদিও ততক্ষণে তার দল ৭ গোলে পিছিয়ে।
প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। পঞ্চম মিনিটে তরেসের মাধ্যমে তাদের গোল-উৎসবের সূচনা। তবে পরের ২৬ মিনিট আর সাফল্য পায়নি ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দল। অবশ্য ৮ মিনিটের ব্যবধানে সিলভা, তরেস ও সিলভার লক্ষ্যভেদে বিরতির সময় স্কোর লাইন দাঁড়ায় ৪-০।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পাওয়া ভিয়া হ্যাটট্রিক পূর্ণ করেন ৬৪ মিনিটে। তার ৭ মিনিট আগেই হ্যাটট্রিক করে ফেলেন তরেস। ৭৮ মিনিটে তার পেনাল্টি মিসে আনন্দধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে মারাকানার গ্যালারি। যদিও সেই উল্লাস মিলিয়ে যাওয়ার আগেই চতুর্থ গোলের দেখা পেয়ে যান চেলসির স্ট্রাইকার।
৮৯ মিনিটে গোল-সংখ্যাকে দুই অঙ্কের ঘরে নিয়ে যান সিলভা।
