হকির নির্বাচনে নেই খন্দকার জামিল
বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন।
জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পাঁচ কাউন্সিলরের নাম পরিবর্তন না করার প্রতিবাদে তার এই সিদ্ধান্ত।
খন্দকার জামিল সরে দাঁড়ানোয় নির্বাচনের জন্য একটি পূর্ণাঙ্গ প্যানেল দাঁড় করাতে সমস্যায় পড়ে গেছেন সাধারণ সম্পাদক প্রার্থী শফিউল্লাহ আল মুনীর। রোববার প্যানেল জমা দেয়ার কথা থাকলেও শনিবার পর্যন্ত সম্পূর্ণ তালিকা তৈরি করতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সমর্থিত এই প্রার্থী।
যদিও মুনীরের দাবি, তার প্যানেল চূড়ান্ত হয়ে গেছে এবং রোববারই তা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা দেয়া হবে।
হকি ফেডারেশনের ২৭ জুনের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ১০৮টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন। এর মধ্যে মুনীরের প্যানেল ৫৫টি এবং ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর প্যানেল ৫৩টি মনোনয়নপত্র কিনেছে।
যাচাই-বাছাই শেষে ১৯ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে হবে।
