নেইমারকে স্কলারির ‘উপদেশ’
ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কলারি মনে করেন, তারকা ফরোয়ার্ড নেইমারকে ‘দলীয় খেলোয়াড়’ হয়ে ওঠার জন্য আরো অনেক কিছু শিখতে হবে।
ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে কনফেডারেশন্স কাপের ব্রাজিল-জাপান উদ্বোধনী ম্যাচ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কলারি বলেন, “নেইমারের বয়স মাত্র ২১ বছর। সে ব্রাজিলের ফুটবল-ভক্তদের কাছে যেমন আদর্শ তেমনি আমার কাছেও তা-ই। সে এমন এক খেলোয়াড় যে খেলা নিয়ন্ত্রণ করতে পারে। মাঠজুড়ে দৌড়ে, পাস দিয়ে প্রতিপক্ষকে বিপদেও ফেলতে পারে।”
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কোচ আরো বলেন, “তবে দলীয় খেলোয়াড় হয়ে উঠতে পারলে সে আরো ভালো করবে। সেজন্য অবশ্য সময় লাগবে। এই মুহূর্তে সে দলের জন্য যা করছে তাতে আমি সন্তুষ্ট। নির্দেশ মতো সব কিছুই সে করে যাচ্ছে। বয়স এবং অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে-সঙ্গে সে আরো ভালো করতে পারবে।”
