রুটকে আঘাত করে ওয়ার্নারের শাস্তি
ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জো রুটকে শারীরিকভাবে আঘাত করায় ডেভিড ওয়ার্নারকে শাস্তি দিয়েছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে এই উদ্বোধনী ব্যাটসম্যানকে রাখা হয়নি।
রোববার সকালে বার্মিংহ্যামের এক পানশালায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটার জন্ম ঘটে। তার আগের দিন ইংল্যান্ডের কাছে ৪৮ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, “রোববার সকালে ইংল্যান্ডের এক খেলোয়াড়ের (রুট) সঙ্গে একটি ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে ওয়ার্নারের বিরুদ্ধে। এ ব্যাপারে শুনানি না হওয়া পর্যন্ত টিম ম্যানেজমেন্ট ওয়ার্নারকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।”
অবশ্য নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত ওয়ার্নার রুটের কাছে ক্ষমা চেয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, রুট ক্ষমাও করে দিয়েছেন ওয়ার্নারকে।
২৬ বছর বয়সী ওয়ার্নারের জীবনে বিতর্ক নতুন কিছু নয়। কিছু দিন আগে টুইটারে দুই সাংবাদিক সম্পর্কে বিরুপ মন্তব্য করায় তাকে জরিমানা দিতে হয়েছিল।
