কনফেডারেশন্স কাপে আত্মবিশ্বাসী নেইমার
ইদানীং জয় ‘দুর্লভ’ হলে পড়লেও ব্রাজিল কনফেডারেশন্স কাপের সবচেয়ে সফল দল। এবার ঘরের মাঠে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।
বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কনফেডারেশন্স কাপে তিন বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে নেমে যাওয়ায় দেশের ভেতরে তীব্র সমালোচনার মুখে পড়েছে।
নেইমার অবশ্য সমালোচকদের একদমই পাত্তা দিচ্ছেন না। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা বলেন, “আমরা সমালোচকদের জন্য খেলি না, নিজেদের জন্য খেলি। অন্যদের কথা-বার্তা নিয়ে আমরা একদমই মাথা ঘামাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠে নেমে ভালো খেলা।”
গত রোববার এক প্রীতি ম্যাচে ফ্রান্সকে ৩-০ গোলে হারিয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছে ব্রাজিল। ফরাসীদের ২১ বছর পর হারানোর দিকে ইঙ্গিত করে নেইমার বলেন, “আমরা প্রমাণ করেছি যে আমরা কনফেডারেশন্স কাপ জিততে সক্ষম।”
