ডি ক্রুইফ-কোস্টারের সঙ্গে চুক্তি সম্পন্ন
জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত জানুয়ারিতে দুজনের সঙ্গে বাফুফের সমঝোতা চুক্তি হয়েছিল।
মঙ্গলবার জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানান, “দুজনে আমাদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার তারা ঢাকায় আসবেন। তখনই চুক্তির খুঁটি-নাটি বিষয়ে জানানো হবে।”
বাফুফের আমন্ত্রণে আসছেন ডি ক্রুইফ ও কোস্টার। ১৮ জুন পর্যন্ত ঢাকায় থেকে, সুপার কাপের কয়েকটি ম্যাচ দেখে ১৯ জুন দেশে ফিরে যাবেন তারা।
দুজনে আবার ১ জুলাই ঢাকায় ফিরে সাফ ফুটবলের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু করবেন।
আনুষ্ঠানিকভাবে জুলাই থেকে দায়িত্ব নিলেও গত মার্চে নেপালে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপে ডি ক্রুইফের অধীনে খেলেছিল বাংলাদেশ।
