ক্যাম্পে যোগ দিলেন হকি খেলোয়াড়রা
এশিয়া কাপ হকির জন্য জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। সোমবার ক্যাম্পে ডাক পাওয়া ৩৩ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জন রিপোর্ট করেছেন।
এরপরই তাদের বিকেএসপিতে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার থেকে শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি।
রাসেল মাহমুদ জিমি ও মশিউর রহমান বিপ্লব জার্মানিতে খেলতে গেছেন। ৩০ জুন দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন তারা।
১৯ জুন থেকে ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই খেলোয়াড় আব্দুল মালেক ও রোকনুজ্জামান সোহাগ।
তবে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ খেলোয়াড় মামুনুর রহমান চয়ন, তাপস বর্মণ, কৃষ্ণ কুমার, বেলাল আহমেদ ও মনোয়ার হোসেন রাসেলের ক্যাম্পে যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে জাতীয় দলের কোচ মাহবুব হারুন জানান, “ছুটি না পাওয়ায় তারা ক্যাম্পে যোগ দিতে পারেনি। আশা করি ছুটি পেলেই ক্যাম্পে যোগ দেবে।”
দলবদলের তারিখ ঘোষণার দাবিতে গত ১৪ মে থেকে খেলোয়াড়রা এশিয়া কাপের ক্যাম্পসহ হকির সব ধরনের কার্যক্রম বয়কটের ঘোষণা দেন। ফেডারেশন দলবদলের তারিখ (২ থেকে ৪ জুলাই) ঘোষণা করলেও নতুন তিনটি দাবি জানিয়ে ক্যাম্প বয়কট অব্যাহত রাখেন তারা।
খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করে হকি ফেডারেশনের সভাপতি সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা ক্যাম্পে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন।
