২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শিরোপার সন্ধানে শেখ রাসেল

এবারের ফুটবল-মৌসুমে ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জিতে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার তাদের লক্ষ্য আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া সুপার কাপের ট্রফি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেন, “মৌসুমের প্রথম তিনটি প্রতিযোগিতায় বিদেশি ফুটবলাররা ব্যবধান গড়ে দিয়েছিল। তবে সুপার কাপে বিদেশিদের অনুপস্থিতির কারণে কোনো দলকেই এগিয়ে রাখার উপায় নেই। কারণ শুধু দেশি ফুটবলারদের নিয়ে গড়া দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তাই সুপার কাপে তীব্র লড়াই হবে।”

শেখ রাসেলের জন্য দুশ্চিন্তার কথা, মিডফিল্ডার মামুনুল ইসলাম, ফরোয়ার্ড জাহিদ হোসেন ও স্ট্রাইকার মিঠুন চৌধুরী চোটের কারণে টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারবেন না। পারিবারিক সমস্যার কারণে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিও নেই।

এ নিয়ে মারুফ বেশ চিন্তিত। তিনি বলেন, “চার জনই আমাদের প্রথম একাদশের খেলোয়াড়। শুরুতে তাদের না পেলে সমস্যা তো হবেই।”

সুপার কাপের জন্য পাঁচ নবাগত শওকত, সাব্বির, রিমন, সবুজ ও রাব্বিকে দলে নিয়েছে শেখ রাসেল।

শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য বলেন, “শেখ রাসেলের বর্তমান দলটি অসাধারণ। মৌসুমের প্রথম তিনটি শিরোপা আমরা জিতেছি। বাকি শিরোপাটাও জিতে ইতিহাস গড়তে চাই।”

ফেনীতে ক্যাম্পে থাকার কারণে সংবাদ সম্মেলনে আসতে পারেননি ফেনী সকার ক্লাবের কোচ ও অধিনায়ক। দলটির যুগ্ম-সম্পাদক শাখাওয়াত হোসেন শাহীন জানান, “সুপার কাপের জন্য ১৫ জন নতুন খেলোয়াড়কে আমরা দলে নিয়েছি। আগের ১৩ জনকে নিয়ে আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। আশা করি এই প্রতিযোগিতায় আমরা ভালো করবো।”