২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের বিপক্ষে জয়ের সন্ধানে ব্রাজিল

দুই দশকেরও বেশি সময় ফ্রান্সকে হারাতে পারেনি ব্রাজিল। রোববার এক প্রীতি ম্যাচে ফরাসীদের তাই হারাতে মরিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 06:46 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

কনফেডারেশন্স কাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি ব্রাজিল খেলবে ঘরের মাঠ পোর্তো আলেগ্রেতে।


ইদানীং ব্রাজিলের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। জয় যেন ‘সোনার হরিণ’ হয়ে উঠেছে তাদের জন্য।

গত নভেম্বরে দ্বিতীয় দফায় কোচের দায়িত্ব নেয়া ২০০২ বিশ্বকাপজয়ী লুই ফেলিপে স্কলারির অধীনে ছয় ম্যাচে মাত্র একটিতে জিতেছে ব্রাজিল, ড্র করেছে চারটি।

মুখোমুখি লড়াইয়ে ফ্রান্স-ব্রাজিল অবস্থান সমানে-সমান। আগের ১৪টি লড়াইয়ে দুই দলই পাঁচটি করে জিতেছে, বাকি চারটি ড্র।

তবে ১৯৯৮ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সর্বশেষ ছয় ম্যাচে হারাতে পারেনি ব্রাজিলিয়ানরা। এই ছয় ম্যাচের চারটিতেই হেরেছে তারা। ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ জয় এসেছিল প্রায় ২১ বছর আগে, ১৯৯২ সালের অগাস্টে প্যারিসে এক প্রীতি ম্যাচে ২-০ গোলে।

এবার অধিনায়ক থিয়াগো সিলভাকে না পাওয়ার শঙ্কায় আছে স্কলারির দল। গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে পায়ের পেশিতে টান পড়ার জন্য প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজি’র এই ডিফেন্ডারকে নিয়ে শঙ্কিত স্বাগতিক দল।

এদিকে ডান উরুর পেশিতে টান পড়ায় কনফেডারেশন্স কাপে খেলতে পারবেন না লিয়ান্দ্রো দামিয়াও। তার জায়গায় আরেক স্ট্রাইকার জোকে নিয়েছে ব্রাজিল।