ফেদেরারের ফ্রেঞ্চ ওপেন শেষ
ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের জো-উইলফ্রেড সঙ্গার কাছে হেরে গেছেন রজার ফেদেরার।
রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেও মঙ্গলবার ফেদেরার তেমন লড়াই করতে পারেননি। ম্যাচের ফলাফলেই (৭-৫, ৬-৩, ৬-৩) তা প্রতিফলিত।
গত ৯ বছরের মধ্যে এ নিয়ে মাত্র দ্বিতীয় বার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালের আগে বিদায় নিলেন র্যাঙ্কিংয়ে টানা ২৩৭ এবং সব মিলিয়ে ৩০২ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড গড়া ফেদেরার।
সেমিফাইনালে সঙ্গার প্রতিপক্ষ স্পেনের ডেভিড ফেরার। অন্য কোয়ার্টার ফাইনালে ফেরার সহজেই ৬-২, ৬-১, ৬-১ গেমে স্বদেশের টমি রব্রেদোকে হারিয়েছেন।
মহিলাদের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস জিতেছেন ঠিকই, তবে অনেক লড়াই করে। র্যাঙ্কিংয়ে সাবেক এক নম্বর রাশিয়ার সোয়েতলানা কুজনেৎসোভাকে বর্তমান এক নম্বর সেরেনা হারিয়েছেন ৬-১, ৩-৬, ৬-৩ গেমে।
টানা ২৯তম জয় পাওয়া সেরেনা সেমিফাইনালে খেলবেন ইতালির সারা এরানির বিপক্ষে। গতবারের রানার আপ এরানি শেষ আটের লড়াইয়ে ৬-৪, ৭-৬ গেমে পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে হারিয়েছেন।
